শ্রীনগরে একজন খুন, স্ত্রী আটক
মুন্সিগঞ্জের শ্রীনগরে গত সোমবার রাতে অলিউল্লাহ নামের এক ব্যক্তি খুন হয়েছেন। স্ত্রী মাজেদা বেগম তাঁকে খুন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ মাজেদাকে আটক করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) সাইফুল ইসলাম বলেন, গতকাল মঙ্গলবার সকালে মাজেদা বেগম (৩২) শ্রীনগর থানায় এসে পুলিশকে জানান, তিনি তাঁর স্বামী অলিউল্লাহকে (৩৮) হত্যা করে ঘরে তালা দিয়ে রেখেছেন। এরপর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহিদুর রহমান উপজেলার পুটিমারা গ্রামে অলিউল্লাহর বাড়ি থেকে লাশ উদ্ধার করেন। এ সময় অলিউল্লাহর হাত-পা ওড়না দিয়ে বাঁধা ছিল। অলিউল্লাহর পরিবার সূত্র জানায়, অলিউল্লাহ ১৮ বছর সৌদি আরবে ছিলেন। মাঝে মাঝে তিনি দেশে আসতেন। ১৪ বছর আগে হাসাড়া গ্রামের মাজেদা বেগমের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের ঘরে দুই ছেলে ও এক মেয়ে আছে। বিদেশে থেকে স্ত্রীর নামে জমি কেনেন অলিউল্লাহ। সর্বশেষ তিন মাস আগে অলিউল্লাহ দেশে ফেরেন। এরপর থেকেই ওই জমি বিক্রি করে ব্যবসা করতে চাইছিলেন তিনি। কিন্তু তাতে রাজি হননি স্ত্রী। উপায় না দেখে অলিউল্লাহ আবার সৌদি আরবে যাওয়ার চেষ্টা করেন। এতেও বাধা দেন স্ত্রী। একপর্যায়ে অলিউল্লাহর পাসপোর্টটিও ছিঁড়ে ফেলেন স্ত্রী। এ নিয়ে হাসাড়া ইউনিয়ন পরিষদে সালিস হয়। পরে অলিউল্লাহ আবার পাসপোর্ট বানিয়ে বিদেশে যাওয়ার উদ্যোগ নেন। বিদেশ যাওয়ার আগেই সোমবার রাতে তাঁকে স্ত্রী খুন করেন।