শ্রীনগরে ডাকাতির ঘটনায় আ.লীগ নেতা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন ওরফে মিটুলকে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার উপজেলার বাইপাস মোড় থেকে শ্রীনগর থানার পুলিশ তাঁকে আটক করে।

এদিকে মনির হোসেনের পরিবার বলছে, তাঁকে ষড়যন্ত্র করে আটক করা হয়েছে। শ্রীনগর থানার পুলিশ সূত্রে জানা যায়, গত সেপ্টেম্বর মাসে ভাগ্যকুল ইউনিয়নের পদ্মা নদীতে গরুবোঝাই একটি ট্রলার ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির ঘটনায় একটি মামলা হয়। মামলার এক আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ওই আসামি তাঁর জবানবন্দিতে মনির হোসেনের সম্পৃক্ততার কথা বলেন। এ ছাড়া মনির হোসেনের ব্যক্তিগত নিবন্ধনকৃত আগ্নেয়াস্ত্র দিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে।