শ্রীনগরে প্রতিপক্ষের হামলায় আহত ৫
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কেয়টখালী এলাকায় গতকাল রোববার সকালে একটি আবাসন প্রতিষ্ঠানের লোকজনের হামলায় পাঁচজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা-মাওয়া-খুলনা মহাসড়কের পশ্চিম পাশে কেয়টখালী মৌজায় কোম্পানির সাইবোর্ড টানিয়ে প্রায় দুই বছর ধরে ব্যবসা করে আসছে আবাসন প্রতিষ্ঠান মৈত্রী ইকো ভিলেজ। বারিধারা হাউজিং নাম দিয়ে স্থানীয় কয়েকজন এ জমি নিজেদের দাবি করে আবাসন ব্যবসার জন্য ওই জায়গায় কয়েকটি সাইনবোর্ড স্থাপন করেন। এ নিয়ে দুই পক্ষের বিরোধ দেখা দেয়। মৈত্রীর লোকজন গতকাল সকাল ১০টার দিকে ওই জমিতে নতুন করে সাইনবোর্ড লাগাতে গেলে বারিধারার সুপারভাইজার বাধা দেন। পরে বারিধারার লোকজন মৈত্রীর লোকজনের ওপর হামলা চালান। এতে মৈত্রীর ওয়াজেদ মোল্লা (৫৮), আমীর হামজা (৪৫), সেলিম (৩৭), বাবু (২৬) ও কালাম (২৮) আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে বারিধারার রবিউল (৩৫) নামের একজনকে আটক করেছে।
মৈত্রীর চেয়ারম্যান ফরিদ হাসান বলেন, ‘বারিধারা হাউজিংয়ের নামে হুমায়ূন কবিরের নেতৃত্বে কিছু প্রভাবশালী আমার জমির পাশে সাইনবোর্ড লাগান। গতকাল তাঁরা ভাড়াটিয়া বাহিনী দিয়ে আমার লোকজনের ওপর হামলা করান।’ হুমায়ূন বলেন, ‘এ জমি আমাদের পৈতৃক সম্পত্তি। মৈত্রীর কারও সঙ্গে মারামারির কোনো ঘটনা ঘটেনি।’