শ্রীনগরে প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের শ্রীনগরে বীরতারা ইউনিয়নে শিক্ষার্থীদের বেত্রাঘাতের ঘটনায় মজিদপুর দয়াহাটা কেসি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, গত শনিবার প্রধান শিক্ষক নিতাই চন্দ্র দাস শ্রেণিকক্ষ অপরিচ্ছন্নতার কারণে শিক্ষার্থীদের বেত্রাঘাত করেন। এতে ব্লাড ক্যানসারে আক্রান্ত সপ্তম শ্রেণির ছাত্র তায়েব আলীসহ কমপক্ষে ১৫ শিক্ষার্থী আহত হয়। তায়েব আলী অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয়। বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কাকলি আক্তার জানান, তিনি অন্যায় করেছেন সত্য। কিন্তু সপ্তম শ্রেণির ওই ছাত্রটি যে ক্যানসারে আক্রান্ত ছিল এটা স্যার জানতেন না।
বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানায়, প্রধান শিক্ষকের বেত্রাঘাতের পর থেকে ছাত্রছাত্রীদের অনেকেই বিদ্যালয়ে আসছে না।
শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানারা বেগম জানান, বিষয়টি তিনি শুনেছেন। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যালয় পরিদর্শন করে এর সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি নির্দেশ দিয়েছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিজুল হক বলেন, ‘খবর শুনে গতকাল বিদ্যালয় পরিদর্শন করে এর সত্যতা পেয়েছি। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটিকে পরামর্শ দেওয়া হয়েছে।’
এ ব্যাপারে বিদ্যালয়ের নিতাই চন্দ্র দাসের সঙ্গে তাঁর মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি জালাল উদ্দিন বলেন, ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এরপর তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।