শ্রীনগরে যুবলীগ নেতাকে গলা কেটে হত্যা, ব্যবসায়ী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় যুবলীগের এক নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই উপজেলায় প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন একজন ব্যবসায়ী। এ ছাড়া সদর উপজেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবলীগের এক কর্মীকে গুলি করেছেন তাঁর দলেরই লোকজন। তিনটি ঘটনাই ঘটেছে গত শুক্রবার রাতে।
নিহত ব্যক্তিরা হলেন শ্রীনগরের বাঘরা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক শামসু পাঠান (২৪) ও ব্যবসায়ী সিরাজুল ইসলাম (৫০)।
শ্রীনগর থানার পুলিশ জানায়, শামসু পাঠানের লাশ রাত সাড়ে আটটার দিকে বাগরা বাজারের পূজামণ্ডপের পেছনে পুকুরপাড়ে পড়ে থাকতে দেখে এলাকাবাসী তাঁর পরিবারকে খবর দেয়। পরে তাঁর পরিবার পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
পুলিশ জানায়, ঘটনার ২০ মিনিট আগেও শামসুকে গরুর হাটে দেখেছে এলাকার লোকজন।
শ্রীনগর থানার উপপরিদর্শক (এসআই) সাইদ জানান, এ ঘটনায় শামসু পাঠানের ভাই লিঙ্কন পাঠান বাদী হয়ে রাতেই থানায় হত্যা মামলা করেছেন। তিনি বলেন, এ হত্যাকাণ্ডের কারণ এখনো অজানা। হত্যার কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে।
শ্রীনগরের কলেজগেট এলাকায় হত্যাকাণ্ড সম্পর্কে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমানের ভাষ্য, ব্যবসায়ী সিরাজুলের ভাতিজা রাহাত ও আরেক যুবকের মধ্যে জ্যেষ্ঠতা নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁদের হয়ে দুটি পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সংঘর্ষ থামাতে রাহাতের চাচা সিরাজুল এগিয়ে এলে প্রতিপক্ষরা তাঁর মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে মারাত্মক জখম হন তিনি। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে রাত সোয়া ১২টার দিকে তাঁর মৃত্যু হয়। সংঘর্ষে আরও প্রায় ১০ জন আহত হন।
নিহত সিরাজুলের বাড়ি শ্রীনগরের ভাটাভোগ ইউনিয়নের যশরগাঁও এলাকায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানান।
সদর উপজেলার মানিকপুরে প্রতিপক্ষের গুলিতে আহত যুবলীগের কর্মীর নাম অঙ্কন (৩০)। শুক্রবার রাত ১১টার দিকে তাঁকে তাঁর দলেরই লোকজন বাড়ি থেকে ডেকে নিয়ে রাস্তার ওপর গুলি করে পালিয়ে যায়। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর অঙ্কনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে সদর থানার ওসি আবুল খায়ের ফকির জানান, অঙ্কনের বাবা মো. সিরাজুল ইসলাম বাদী হয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মিথুনকে আসামি করে মামলা করেছেন।
শ্রীনগরে নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।