শ্রীনগরে হামলায় দুই সাংবাদিক আহত
মুন্সিগঞ্জের শ্রীনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের খবর সংগ্রহ করতে গিয়ে গতকাল শনিবার দুই সাংবাদিক হামলার শিকার হয়েছেন। এ সময় তাঁদের মোটরসাইকেল ও ক্যামেরা ভাঙচুর করা হয়।
থানা-পুলিশ ও আহত সাংবাদিকদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল ছিল শ্রীনগর ইউপির মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন। বিকেল চারটার দিকে এ ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী মো. মোখলেছুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী তাজুল ইসলাম উপজেলা নির্বাচন কার্যালয়ে যান। এ সময় মোখলেছুরের লোকজন গুঞ্জন ছড়ান তাঁদের আক্রমণের জন্য তাজুলের বাড়িতে লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্র মজুত করা হয়েছে। এ অভিযোগের ভিত্তিতে পুলিশ তাজুলের বাড়িতে তল্লাশি চালায়। তবে পুলিশ কিছুই পায়নি। এর মধ্যেই শ্রীনগর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল লস্কর ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম ইসলাম ওরফে প্রিন্সের নেতৃত্বে একদল লোক তাজুলের বাড়িতে আক্রমণ চালান ও বাড়িঘর ভাঙচুর করেন। এ সময় ছবি তুলছিলেন ভোরের কাগজ-এর শ্রীনগর প্রতিনিধি অধীর রাজবংশী ও দৈনিক রূপবাণীর শ্রীনগর প্রতিনিধি মীর রাতুল। ছবি তুলতে দেখে হামলাকারীরা তাঁদের (সাংবাদিক) ওপরও চড়াও হন। এ সময় তাঁদের মারধর করা হয়। এরপর তাঁদের মোটরসাইকেল ও ক্যামেরা ভাঙচুর করা হয়।
আহত দুই সাংবাদিককে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাতুলের অবস্থা খারাপ হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল লস্কর ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিমের মুঠোফোনে কল দিলেও তাঁরা ধরেননি।
সহকারী পুলিশ সুপার (এএসপি শ্রীনগর সার্কেল) মো. সামসুজ্জামান বাবু বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য শ্রীনগর থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।