শ্রীনগরের ইউএনও ও শিক্ষা কর্মকর্তার কাছে চাঁদা দাবি
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানারা বেগম ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জামাল হোসাইনের কাছে মুঠোফোনে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুই কর্মকর্তা গত বুধবার সন্ধ্যায় শ্রীনগর থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডিতে ইউএনও শাহানারা বেগম উল্লেখ করেন, গত রোববার সন্ধ্যায় বাংলালিংকের মুঠোফোন নম্বর ০১৯৪১৭৩৭৯২৬ থেকে সর্বহারা চরমপন্থী পার্টির সদস্য পরিচয়ে তাঁর কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এর কিছুক্ষণ আগেই একই নম্বর থেকে শিক্ষা কর্মকর্তা জামাল হোসাইনের কাছে ফোন করে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। ওই পার্টির একাধিক সদস্য কারাগারে বন্দী। তাদের মুক্ত করাসহ পার্টির বিভিন্ন ব্যয় নির্বাহের জন্য এ টাকা প্রয়োজন বলে মুঠোফোনে বলা হয়। দাবি পূরণ করা না হলে দুই কর্মকর্তাকে সপরিবারে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা চলছে।