শ্রীপুরে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার শ্রীপুর উপজেলা সদরে গতকাল বৃহস্পতিবার সকালে ও গত বুধবার রাতে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে দুজন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় গতকাল একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই দিনে ৯৮টি গুলি ও কাঁদানে গ্যাসের ১২টি শেল ছোড়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রীপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমানের সঙ্গে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই জেলা ছাত্রলীগের সহসভাপতি আবদুল হান্নানের বিরোধ চলছিল। মশিয়ার একজন সাংসদের এবং হান্নান প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তার লোক হিসেবে পরিচিত।
ওই বিরোধের সূত্র ধরেই বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শ্রীপুর বাজার থেকে হান্নানের দুই সমর্থক বাড়ি ফেরার পথে মশিয়ারের লোকজন তাঁদের মারধর করেন। এরই জের ধরে রাত আটটার দিকে বাজার এলাকায় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টার সংঘর্ষে ওই দিন অন্তত ছয়জন আহত হন। পরে পুলিশ ১৮টি গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ওহিদুল মুন্সী (৪৫) ও তপুর হোসেনকে (৪০) মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওহিদুলের অবস্থার অবনতি ঘটলে গতকাল তাঁকে ঢাকায় পাঠানো হয়।
এদিকে বুধবারের ওই সংঘর্ষের জের ধরে গতকাল সকাল আটটার দিকে বাজার এলাকায় আবারও দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ১২ জন আহত হন। প্রায় সোয়া ঘণ্টা ধরে চলা ওই সংঘর্ষ ঠেকাতে পুলিশ ৮০টি ছররা গুলি ও কাঁদানে গ্যাসের ১২টি শেল ছোড়ে। এতে সাগর হোসেন (১৩) ও জাকির হোসেন (৪০) নামের দুজন গুলিবিদ্ধ হন। তাঁদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।