শ্রীপুরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ
মাগুরার শ্রীপুর উপজেলার ওয়াপদা এলাকায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার বিকেল চারটার দিকে ওবায়েদুর রহমান মোল্লা (২৮) নামের ওই ব্যক্তিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয়। গুরুতর আহত ওবায়েদুরকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকায় নেওয়ার পথে সাভার এলাকায় রাত ১২টার দিকে তিনি মারা যান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের তথ্যমতে, শ্রীপুরের ওয়াপদা বাজার এলাকায় ওবায়েদুর রহমানকে হাতুড়ি দিয়ে পেটান তাঁর আত্মীয় জিবলু মোল্লা, ওলিয়ার রহমান, সদর উদ্দিন ও তাঁদের সহযোগীরা।
নিহত ওবায়েদুর রহমান শ্রীপুরের নাকোল ইউনিয়নের শাপলগাছা গ্রামের খলিলুর রহমান মোল্লার ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম প্রথম আলোকে জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে জমিজমা নিয়ে ওবায়েদুরের বাবা খলিলুর রহমানের সঙ্গে তাঁর চাচাতো ভাই ওলিয়ার রহমান, সদর উদ্দিন ও জিবলু মোল্লার সঙ্গে বিরোধ ছিল। গতকাল সকালে এই তিন চাচার সঙ্গে ওবায়েদুরের বাগ্বিতণ্ডা হয়। এর জের ধরে বিকেলে তাঁকে (ওবায়েদুর) তিন চাচা ও তাঁদের সহযোগীরা ওয়াপদা বাজার এলাকায় হাতুড়ি দিয়ে পেটান। গুরুতর আহত অবস্থায় তাঁকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকায় নেওয়ার পথে রাত ১২টার দিকে সাভার এলাকায় তিনি মারা যান।
আজ সোমবার দুপুর ১২টার দিকে ওসি রেজাউল ইসলাম প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনো মামলা হয়নি। কাউকে গ্রেপ্তার করা যায়নি।