শ্রীপুরে গৃহবধূর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার বাঁশবাড়ি গ্রাম থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বেলা ১১টার দিকে শৌচাগারের জানালার সঙ্গে ওড়নায় ফাঁস লাগানো থাকা অবস্থায় পুলিশ লাশটি উদ্ধার করে।

দুই সন্তানের মা ওই গৃহবধূর নাম আমেনা খাতুন (৩৪)। তিনি টাঙ্গাইলের বাসাইল উপজেলার মিরিকপুর গ্রামের মৃত সলিম উদ্দিনের মেয়ে ও শ্রীপুরের বাঁশবাড়ি গ্রামের এসহাক মিয়ার ছেলে সোহাগ মিয়ার স্ত্রী।

আমেনার স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্বামী সোহাগ মিয়া পরকীয়ায় জড়িত ছিলেন বলে সন্দেহ করতেন আমেনা। এ নিয়ে ওই দম্পতির মধ্যে বিভিন্ন সময় ঝগড়া হতো। রোববার সকালে আমেনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে সকাল নয়টার দিকে পরিবারের সদস্যরা শৌচাগারের ভেতর আমেনাকে ঝুলতে দেখেন।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পারিবারিক কলহের কারণে আমেনা আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন তাঁর স্বজনেরা। এ ঘটনায় এখনো কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, তা জানা যাবে।