শ্রীপুরে গৃহবধূর লাশ উদ্ধার অভিমানে তরুণের আত্মহত্যা
মাগুরার শ্রীপুর উপজেলার তখলপুর গ্রামের কমলা বেগম (৩০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। একই উপজেলার বারইপাড়া গ্রামের রুবেল শেখ (২২) নামের এক তরুণ বাবার সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন।
পুলিশ ও পরিবার জানায়, স্বামী জাহাঙ্গীর শেখের সঙ্গে বেশ কিছুদিন ধরে ঝগড়া-বিবাদ চলছিল কমলা বেগমের। এর জের ধরে গত মঙ্গলবার রাত আটটার দিকে বিষপান করেন কমলা। তাঁকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তাঁর মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গতকাল বুধবার মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে কমলার মৃত্যুর কারণ বোঝা যাবে।
অন্যদিকে উপজেলার বারইপাড়া গ্রামের বাকু শেখের ছেলে রুবেল শেখ (২২) শ্রীপুর ডিগ্রি কলেজে বিএ (সম্মান) শ্রেণিতে তৃতীয় বর্ষে পড়তেন। বাবার কাছে হাতখরচের জন্য টাকা চেয়ে না পেয়ে অভিমান করে তিনি গত ২৫ জানুয়ারি বিষপান করেন। তাঁকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১১টার দিকে রুবেলের মৃত্যু হয়।