শ্রীপুরে চাঁদাবাজির অভিযোগে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে দুই সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে। শ্রীপুর পৌরসভার কর্মচারী সবুজ মিয়া বাদী হয়ে গাজীপুর আদালতে গত মঙ্গলবার মামলাটি করেন।
ওই দুই সাংবাদিক হলেন ভোরের কাগজ-এর শ্রীপুর প্রতিনিধি এনামুল হক আকন্দ ও মানবকণ্ঠ পত্রিকার শ্রীপুর প্রতিনিধি ফয়সাল আহমেদ। জানা গেছে, শ্রীপুর পৌরসভার অনিয়ম নিয়ে ২২ সেপ্টেম্বর ভোরের কাগজ-এ প্রতিবেদন প্রকাশিত হয়। ওই দিনই শ্রীপুর পৌরসভার কার্যালয়ে মাস্টার রোলের কর্মচারী সবুজ মিয়া মুঠোফোনে এনামুল হক আকন্দকে মামলার হুমকি দেন। এ ঘটনায় ২২ সেপ্টেম্বর এনামুল শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ফয়সালও তাঁর পত্রিকায় সবুজের বিরুদ্ধে প্রতিবেদন করেন। প্রতিবেদনে সবুজ মিয়ার বিভিন্ন অনিয়মের চিত্র তুলে ধরা হয়। এতে তিনি ক্ষুব্ধ হয়ে গত মঙ্গলবার ওই দুই সংবাদকর্মীর বিরুদ্ধে গাজীপুর আদালতে চাঁদাবাজির অভিযোগে মামলা করেন।
এনামুল হক প্রথম আলোকে বলেন, ‘সবুজ মিয়া নিজেকে শ্রীপুর পৌরসভার কর্মকর্তা পরিচয় দিয়ে নানা ধরনের অনিয়ম করে আসছেন। এসব বিষয়ে প্রতিবেদন করায় আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে।’
সবুজ মিয়া বলেন, ‘তাঁরা (এনামুল ও ফয়সাল) যখন বিজ্ঞাপন চান, তখনই তাঁদের বিজ্ঞাপন দেওয়া হয়। তারপরও তাঁরা আমাকে নিয়ে লেখালেখি করে সম্মান নষ্ট করছেন। তাই আমি মামলা করেছি।’