শ্রীপুরে তরুণকে পিটিয়ে হত্যা
জমিজমা নিয়ে বিরোধের জের ধরে মাগুরার শ্রীপুর উপজেলার ওয়াপদা এলাকায় ওবায়েদুর রহমান মোল্লা (২৮) নামের এক তরুণকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত রোববার দিবাগত রাতে তিনি মারা যান।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্র জানায়, রোববার বিকেল চারটার দিকে শ্রীপুরের ওয়াপদা বাজার এলাকায় ওবায়েদুর রহমানকে হাতুড়িপেটা করেন তাঁর চাচা জিবলুর রহমান মোল্লা, ওলিয়ার রহমান মোল্লা, সদর উদ্দিন মোল্লা ও তাঁদের সহযোগীরা। গুরুতর আহত ওবায়েদুরকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকায় নেওয়ার পথে সাভার এলাকায় রাত ১২টার দিকে তিনি মারা যান।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, ওবায়েদুর রহমান শ্রীপুরের নাকোল ইউনিয়নের শাপলগাছা গ্রামের খলিলুর রহমান মোল্লার ছেলে। তিনি পেশায় অটোচালক। জমিজমা নিয়ে খলিলুর রহমানের চাচাতো ভাই ওলিয়ার রহমান, সদর উদ্দিন ও জিবলুর রহমানের সঙ্গে বিরোধ ছিল। ওই বিরোধ নিয়ে রোববার সকালে চাচাদের সঙ্গে ওবায়েদুরের ঝগড়া হয়। এর জের ধরে বিকেল চারটার দিকে ওবায়েদুরকে তিন চাচা ও তাঁদের সহযোগীরা ওয়াপদা বাজার এলাকায় হাতুড়ি দিয়ে পেটান। গুরুতর আহত অবস্থায় তাঁকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকায় নেওয়ার পথে রাত ১২টার দিকে সাভার এলাকায় তিনি মারা যান। গতকাল সোমবার বেলা ১২টার ওসি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গৌরনদীর অজ্ঞাতনামা লাশের পরিচয় মিলেছে: ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর নীলখোলা সেতুর নিচে পাওয়া অজ্ঞাতনামা যুবকের লাশের পরিচয় মিলেছে।
গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন জানান, রোববার সন্ধ্যায় নীলখোলা সেতুর নিচ থেকে মৃত অবস্থায় উদ্ধার করা যুবকের নাম রহমাতুল্লাহ রনি। তিনি খালিশপুরের একজন ব্যবসায়ী। তিনি গত শুক্রবার পাওনা টাকা আদায়ের কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। তাঁকে খোঁজাখুঁজি করে না পেয়ে রোববার খালিশপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
গৌরনদীতে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধারের সচিত্র সংবাদ ফেসবুক ও অনলাইনে দেখতে পেয়ে যুবকের ছোট ভাই মেহেদী হাসান গৌরনদী মডেল থানায় যোগাযোগ করেন এবং এটি রহমাতুল্লার লাশ বলে শনাক্ত করেন।