শ্রীপুরে তিন ভুয়া ডিবি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুরে তিন ভুয়া ডিবি পুলিশকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার ইন্দ্রপুর গ্রামে জনতার হাতে আটক হন তাঁরা।

আটক ব্যক্তিরা হলেন গাজীপুর সদর উপজেলার আউচপাড়া এলাকার সজীব, বরগুনার আমতলী উপজেলার তারকাঁটা মেহেদী হাসান ও চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ভুইয়ারহাট এলাকার শাহিন।

ইন্দ্রপুর এলাকার কাইয়ুম মোল্লা বলেন, কিছুদিন ধরে ইন্দ্রপুর এলাকায় ডিবি পুলিশ সেজে এলাকার সাধারণ মানুষকে মাদক ব্যবসায়ী হিসেবে অভিযুক্ত করে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করত একটি চক্র। গতকাল ভোরে একটি মাইক্রোবাসে করে আবারও ওই এলাকায় গিয়ে আবদুল হালিম নামের এক ব্যক্তির বাড়িতে গিয়ে তল্লাশি চালায় চক্রটি। এ সময় বাড়ির লোকজনের সন্দেহ হলে তাঁরা চিৎকার করে আশপাশের লোকজনের সাহায্য চান। এ সময় চক্রের সদস্যরা দৌড়ে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে এলাকাবাসী তাঁদের ধাওয়া দিয়ে ধরে ফেলেন। পরে শ্রীপুর থানার পুলিশের কাছে তাঁদের হস্তান্তর করা হয়।

শ্রীপুর থানার ওসি আসাদুজ্জামান বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।