শ্রীপুরে দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
গাজীপুরের শ্রীপুর থানার শিক্ষানবিশ উপপরিদর্শক (পিএসআই) আবু বক্কর সিদ্দিক এবং এএসআই আশরাফ আলীকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাঁদের প্রত্যাহার করে গাজীপুর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সবুর। প্রশাসনিক কারণে তাঁদের প্রত্যাহার করা হয়েছে বলে জানান তিনি।
মাদক ব্যবসায় জড়িত অভিযোগে গত সোমবার সন্ধ্যায় সেলিম (৩৫) নামের একজনকে আটক করেছিলেন পিএসআই আবু বক্কর সিদ্দিক। আটকের প্রতিবাদে প্রায় দুই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে সেলিমের স্বজন ও এলাকাবাসী। সেলিমের ছোট ভাই মোহাম্মদ আলী অবরোধ চলাকালে বলেছিলেন, আবু বক্কর সিদ্দিক সেলিমকে আটক করে টাকা দাবি করেছিলেন।
আবু বক্কর সিদ্দিক বলেন, সেলিম চিহ্নিত মাদক ব্যবসায়ী। শ্রীপুর থানায় করা মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি হওয়ায় তাঁকে আটক করা হয়। টাকা দাবি করার অভিযোগ সত্য নয় বলে দাবি করেন তিনি।