শ্রীপুরে ধর্ষণের পর মাদ্রাসাছাত্রীকে হত্যা
গাজীপুরের শ্রীপুর উপজেলার ভিটিপাড়া এলাকার একটি বাগান থেকে গতকাল শনিবার সকালে ইলমি আক্তার (১০) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তরা মেয়েটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেছে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ইলমি আক্তার ভিটিপাড়া এলাকার নুর মোহাম্মদের মেয়ে। সে স্থানীয় মরিচারপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়ির পাশেই কালীপূজা উপলক্ষে ভিটিপাড়া সর্বজনীন পূজামণ্ডপে কীর্তনের আয়োজন করা হয়। ইলমি আক্তার শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সেই অনুষ্ঠান দেখতে বাড়ি থেকে বের হয়। ওই দিন রাত ১০টার পরও মেয়েটি বাড়ি ফেরেনি। পরে বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। গতকাল সকালে এলাকাবাসী স্থানীয় সোবাহান ফকিরের ফুলের বাগানে মেয়েটির লাশ দেখে পুলিশে খবর দেয়।
ইলমি আক্তারের নানি আকলিমা আক্তার জানান, শুক্রবার সন্ধ্যায় ইলমি ও তার ছোট বোন নাঈমাকে নিয়ে তিনি ওই পূজা মণ্ডপে গিয়েছিলেন। দুজনকে মণ্ডপে রেখে পাশের একটি দোকানে বসেছিলেন তিনি (নানি)। পরে স্থানীয় কদমা এলাকার মন্টু (৩২) নাঈমাকে পাঁচ টাকা দিয়ে তাঁর কাছে (নানির) পাঠিয়ে দেয়। সে সময় তিনি (নানি) নাঈমার কাছে ইলমির কথা জানতে চাইলে সে বলে, ‘ইলমি আপু মিন্টু মামার সঙ্গে আছে। মিন্টু মামা আমাকে চকলেট খেতে পাঁচ টাকা দিয়ে পাঠিয়ে দিয়েছে।’ এর প্রায় দুই ঘণ্টা পরও ইলমি ফিরে না আসায় মণ্ডপ এলাকায় খুঁজতে থাকেন তিনি। কোথাও না পেয়ে মিন্টুর বাড়িতে যান। কিন্তু মিন্টুকে বাড়িতে পাওয়া যায়নি।
গাজীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) আবদুস সালাম প্রথম আলোকে জানান, শিশুটির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। সে ধর্ষণের শিকার হয়েছে এবং তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মজিদ প্রথম আলোকে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।