শ্রীপুরে নারী শ্রমিক ও টঙ্গীতে যুবক খুন
গাজীপুরের শ্রীপুর উপজেলার আবদার এলাকা থেকে গতকাল শুক্রবার পুলিশ পোশাক কারখানার এক নারী শ্রমিকের লাশ উদ্ধার করেছে। আগের দিন বৃহস্পতিবার রাতে টঙ্গীর পাগাড় এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন।
শ্রীপুরে উদ্ধার করা লাশটি কল্পনা আক্তারের (২৮)। তিনি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বেয়ারা গ্রামের সিদ্দিক মিয়ার স্ত্রী। কল্পনা আক্তার স্থানীয় আকবর কটন মিলের শ্রমিক ছিলেন। টঙ্গীতে নিহত ব্যক্তির নাম তুষার ক্রুশ (২৫)।
শ্রীপুর থানার পুলিশ ও এলাকাবাসী জানায়, কল্পনা বৃহস্পতিবার রাত ১০টার পর কারখানার কাজ শেষে বাড়ির উদ্দেশে রওনা হন। রাত সাড়ে ১১টার দিকেও না ফেরায় স্বামী সিদ্দিক মিয়া স্ত্রীকে খুঁজতে বের হন। রাত ১২টার দিকে তিনি বাড়ির পাশের একটি নর্দমায় কল্পনার লাশ দেখতে পান। এ সময় তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। পরদিন সকাল সাতটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
শ্রীপুর থানার এসআই মো. আশরাফুজ্জামান বলেন, কল্পনার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে।
টঙ্গী থানার পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার সূত্র জানায়, তুষার ক্রুশ বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে স্থানীয় বালুর মাঠে যান। সেখানে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা তাঁর পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নেন। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে রাতেই তুষার মারা যান। গতকাল শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্ত হয়।