শ্রীপুরে পচা সন্দেহে ১৭ হাজার ডিম জব্দ
গাজীপুরের শ্রীপুর উপজেলার পটকা এলাকার একটি মুরগির খামার থেকে ঢাকা নেওয়ার পথে ১৭ হাজার ডিম জব্দ করেছে পুলিশ। গতকাল সোমবার সদর উপজেলার হোতাপাড়া এলাকায় একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ডিমগুলো জব্দ করা হয়।
পুলিশ বলছে, ডিমগুলো পচা। পচা ডিম বহন করার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। এঁরা হলেন পিকআপ ভ্যানের চালক তাজুল ইসলাম (৩৫), খামারের শ্রমিক কুতুব উদ্দিন (৩০) ও হেবজু মিয়া (২২)।
পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, গতকাল বিকেলে শ্রীপুর উপজেলার পটকা এলাকার নারিশ পোলট্রি অ্যান্ড হ্যাচারি থেকে ১৭ হাজার পচা ডিম একটি পিকআপ ভ্যানে তুলে ঢাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পুলিশ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার হোতাপাড়া এলাকায় পিকআপ ভ্যানের গতিরোধ করে। পরে তারা ওই গাড়িতে থাকা ১৭ হাজার পচা ডিম জব্দ এবং চালক তাজুল ইসলাম, শ্রমিক কুতুব উদ্দিন ও হেবজু মিয়াকে আটক করে। ডিমগুলো ঢাকার তেজগাঁওয়ের আবুল কাশেমের আড়তে নেওয়া হচ্ছিল।
নারিশ পোলট্রি অ্যান্ড হ্যাচারির ব্যবস্থাপক রিপন কুমার বিশ্বাস জানান, তাঁদের ওই খামার থেকে ঢাকার তেজগাঁওয়ের ফয়সাল ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানে ওই ডিমগুলো পাঠানো হয়েছে। তিনি দাবি করেন, ডিমগুলো পচা নয়, তবে ভালো ডিমের সঙ্গে কিছু রিজেক্ট (নষ্ট) ডিম ছিল।
জয়দেবপুর থানার অধীন হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদ জানান, পুলিশ ১৭ হাজার ডিমসহ পিকআপ ভ্যানটি জব্দ করেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।