শ্রীপুরে পাকিস্তানের নাগরিক আটক
গাজীপুরের শ্রীপুরে একটি কারখানা থেকে গতকাল রোববার রাতে এক পাকিস্তানিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
আটক ব্যক্তির নাম খালিদ মেহমুদ (৫০)। তিনি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সদস্য বলে সন্দেহ পুলিশের।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে গাজীপুর গোয়েন্দা পুলিশ গতকাল রাতে অভিযান চালিয়ে জেলার শ্রীপুর উপজেলার ভাংনাহাটি এলাকার একটি পোশাক কারখানা থেকে খালিদকে আটক করে। ২০১৪ সালে তিনি নিজের পরিচয় গোপন করে এ দেশে অনুপ্রবেশ করেন। পরে তিনি ওই কারখানায় চাকরি নেন। সম্প্রতি তাঁর ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও তিনি এ দেশে অবস্থান করছিলেন। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁকে ওই কারখানা থেকে আটক করে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
গাজীপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন প্রথম আলোকে জানান, খালেদ মেহমুদের ভিসার মেয়াদ শেষ হয়েছে চলতি মাসের ৬ তারিখ। তিনি একসময় পাকিস্তানের বিমানবাহিনীতে চাকরি করতেন। পাকিস্তানের আইএসআইয়ের সদস্যও ছিলেন।
গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ প্রথম আলোকে বলেন, আটককৃত ব্যক্তি পাকিস্তানের আইএসআইয়ের সদস্য। এটা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েই তাঁকে আটক করা হয়েছে। তবে তিনি কী কারণে আত্মগোপন করে আছেন, তা জিজ্ঞাসাবাদে জানা যাবে।