শ্রীপুরে পোশাকশ্রমিককে গণধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুরে কারখানার এক শ্রমিক গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার এক দিন পর শনিবার মামলা করতে গেলে পুলিশ নেয়নি। বরং শ্রীপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) খান মো. আবুল কাশেম ওই তরুণীকে ও প্রতিবেশীদের হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বিষয়টি জানাজানি হলে গত রোববার রাতে পুলিশ ওই ঘটনায় মামলা নিয়েছে। এ মামলায় আলহাজ ধনাই ব্যাপারী মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের এক এসএসসি পরীক্ষার্থীকে (১৫) গ্রেপ্তার করে গতকাল সোমবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ওই তরুণী জানান, গত শুক্রবার ছুটির দিনে বিকেেল তিনি নতুন ভাড়া বাড়ি দেখতে পাশের বেড়াইদেরচালা এলাকায় যান। ওই এলাকার ধনাই ব্যাপারী উচ্চবিদ্যালয়ের আশপাশে বাড়ির খোঁজ দেওয়ার কথা বলে অজ্ঞাতপরিচয় দুজন তাঁকে পাশের এক অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ওই দুজন অশালীন আচরণ করলে তিনি চলে আসতে চান। একপর্যায়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাঁকে পাশের নির্মাণাধীন পাঁচতলা ভবনের নিচের টিনশেড ঘরে নিয়ে হাত-পা ও মুখ বেঁধে ফেলা হয়। ওই ঘরে আরও চারজন ছিল। প্রথমে তাঁকে বেদম মারধর করা হয়। পরে ওই ছয়জন তাঁকে ধর্ষণ করে।
তিনি আরও বলেন, ওই দুর্বৃত্তদের কাউকে চিনতে পারেননি। তবে দুর্বৃত্তদের একজন অপরজনকে ‘আসাদুল্লা প্রধান’ বলে ডাক দিয়েছিল বলে তিনি জানান। ঘটনার ঘণ্টা খানেক পর তিনি ওই ঘর থেকে বের হয়ে অটোরিকশায় বাড়ি ফেরেন।
পরদিন তিনি ভাড়া বাড়ির মালিক মফিজ উদ্দিনসহ কয়েকজন প্রতিবেশীকে ঘটনা জানান। মফিজ উদ্দিনসহ কয়েকজন মিলে তরুণীকে গত শনিবার রাত সাড়ে নয়টার দিকে থানায় নিয়ে যান। তখন ওই পরিদর্শক খেপে গিয়ে তরুণীকে গালিগালাজ করে প্রতিবেশীদেরই গণধর্ষণের মামলায় ফাঁসানোর হুমকি দেন।
বিষয়টি জানাজানি হলে গত রোববার রাতে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সহায়তায় পুলিশ ওই নারীকে বাড়ি থেকে এনে মামলা নেয়। মামলায় পৌর এলাকার বেড়াইদেরচালা গ্রামের আসাদুল্লা প্রধান ও নয়ন নামের দুই যুবকের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে।
থানার পরিদর্শক (তদন্ত) খান মো. আবুল কাশেম বলেন, মামলা না নেওয়া, গালাগাল করা এবং প্রতিবেশীদের গণধর্ষণের মামলা দেওয়ার হুমকির বিষয়টি সঠিক নয়।