শ্রীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন, ভাঙচুর
গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামে ইউনিয়ন গার্মেন্টস নামের একটি পোশাক কারখানায় আজ রোববার বকেয়া বেতনের দাবিতে আন্দোলন ও ভাঙচুর চালিয়েছেন শ্রমিকেরা। এ সময় পুলিশ তাঁদের বাধা দেয়। দুই পক্ষের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ায় আহত হয়েছেন ১৫ জন।
কারখানার শ্রমিক ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, গত তিন মাসের বকেয়া বেতন চলতি মাসের ৭ তারিখে দেওয়ার কথা ছিল। কিন্তু ১২ তারিখ পর্যন্ত তা পরিশোধ না করায় গতকাল শনিবার থেকে কারখানার প্রায় ১ হাজার ২০০ শ্রমিক আন্দোলনে নামেন। তাঁরা কর্মবিরতি পালনসহ কারখানার বাইরে বিক্ষোভ করেন।
আজ শ্রমিকদের সঙ্গে কারখানা কর্তৃপক্ষের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে কারখানায় ভাঙচুর চালান বিক্ষুব্ধ শ্রমিকেরা। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করতে যাওয়ার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়েন শ্রমিকেরা। একপর্যায়ে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এতে শ্রমিক, স্থানীয় এক শিক্ষার্থী, পুলিশের সদস্যসহ ১৫ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
ইউনিয়ন গার্মেন্টস কারখানার উপব্যবস্থাপক বজলুর রশিদের ভাষ্য, উৎপাদিত পণ্য স্থানান্তরে সমস্যা থাকায় শ্রমিকদের কিছু বেতন বকেয়া রয়েছে। এসব বেতন ক্রমান্বয়ে ১৬ তারিখের মধ্যে পরিশোধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘোষণার পর কাজে ফিরে গেছেন শ্রমিকেরা।
গাজীপুর শিল্প পুলিশের গিভেন্সি ক্যাম্প ইনচার্জ সেলিম রেজা জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।