
গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহ্লাদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে একজন সদস্য প্রার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এদিকে নড়াইল সদরের বাসগ্রাম ইউপিতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকেরা বিদ্রোহী প্রার্থীর এক সমর্থকের স্কুলপড়ুয়া ছেলেকে কুপিয়ে গুরুতর জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শ্রীপুরের ঘটনাটি ঘটে গত মঙ্গলবার রাতে সদর উপজেলার বনকড়া আমুনা গ্রামে। নিহত আক্তার হোসেন খন্দকার (৪৮) মারতা মধ্যপাড়া গ্রামের জাবেদ আলী খন্দকারের ছেলে। তিনি ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। শনিবার অনুষ্ঠেয় নির্বাচনে আক্তার হোসেন মোরগ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।
এলাকাবাসী, নিহত ব্যক্তির পরিবার ও পুলিশের সূত্রে জানা যায়, আক্তার হোসেন সপরিবারে গাজীপুর শহরের ছায়াবীথি এলাকায় ভাড়া থাকতেন। নির্বাচন উপলক্ষে কিছুদিন আগে তিনি সপরিবারে শ্রীপুর উপজেলার মারতা মধ্যপাড়ার বাড়িতে আসেন। মঙ্গলবার রাতে তিনি সদর উপজেলার বনকড়া আমুনা গ্রামের ব্যবসায়ী খন্দকার হাফিজ উদ্দিনের মায়ের জানাজায় অংশ নিতে যান। সে সময় তাঁর সঙ্গে ছিলেন চাচাতো ভাই জামির হোসেন। জানাজা শেষে রাত সাড়ে নয়টার দিকে বাসায় ফেরার পথে কিছু দূর যেতেই ওত পেতে থাকা ১০-১২ জন দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়। এতে আক্তার রাস্তার পাশে প্রায় ২০ ফুট নিচের একটি ধানখেতে পড়ে যান। দুর্বৃত্তরা সেখানে তাঁকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে রাতেই জয়দেবপুর থানা-পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
হাসপাতালের মর্গের সামনে আক্তার হোসেনের স্ত্রী শাহনাজ আক্তার মাটিতে বসে বিলাপ করছিলেন। তিনি প্রথম আলোকে বলেন, একই ওয়ার্ডে তালা প্রতীক নিয়ে নির্বাচন করছেন মজিবুর রহমান। সোমবার সকালে কাজল ও জামান নামে মজিবুরের দুই কর্মী তাঁদের বাড়িতে যান। তাঁর অভিযোগ, ওই কর্মীরা আক্তারকে জিজ্ঞেস করেন, শাহনাজের ভাষায়, ‘ভোট বড় না জীবন বড়। নির্বাচন থেকে সইরা যাও, নইলে জীবনটা হারাইলা।’ পরের দিন সকালেও তাঁর স্বামীকে হুমকি দিতে কাজল, জামানসহ আরও কয়েকজন তাঁদের বাসায় এসেছিলেন। আর সে রাতেই আক্তার খুন হন। শাহনাজ তাঁর স্বামীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি করেন।
জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. সোজায়েদ হোসেন প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরেই আক্তার হোসেন খন্দকারকে হত্যা করা হয়েছে। পুলিশ হত্যাকারীদের গ্রেপ্তার করতে বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে। এ ঘটনায় গতকাল বিকেল পর্যন্ত কোনো মামলা হয়নি।
নড়াইলের ঘটনাটি ঘটে গতকাল বুধবার সদর উপজেলার বাসগ্রাম ইউনিয়নের যদুনাথপুর এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসগ্রাম ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলামের সমর্থকেরা গতকাল বেলা ১১টার দিকে মিছিল নিয়ে যদুনাথপুর এলাকায় গেলে তাঁদের ধাওয়া করেন দলের প্রার্থী মোহাম্মদ সিরাজুল ইসলামের সমর্থকেরা। এ সময় সংঘর্ষ বেধে যায় ও পাল্টাপাল্টি ধাওয়া হয়। একপর্যায়ে সিরাজুলের সমর্থকেরা এলাকা ছাড়েন। পরে বেলা দুইটার দিকে তাঁরা আবার সংগঠিত হয়ে স্থানীয় দারিয়াপুর স্কুলমাঠে জড়ো হন। এ সময় তাঁরা রফিকুলের সমর্থক আলীম শরীফের ছেলে হেলাল শরীফকে পেয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন।
দারিয়াপুর স্কুলের কয়েকজন শিক্ষক বলেন, হেলাল স্কুলের দশম শ্রেণির ছাত্র। সে স্কুলের আজ বৃহস্পতিবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের কাজ করছিল। হেলাল প্রধান শিক্ষকের কক্ষে আশ্রয় নিলেও তাকে ধরে এনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা। তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে স্থানীয় বাসিন্দা আতিয়ার রহমান, শরিফুল ইসলাম, আবুল বাশার ও হোসেন আলীও গুরুতর আহত হন। সবাইকে প্রথমে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়।
নড়াইল সদর হাসপাতালের চিকিৎসক মো. মশিউর রহমান বলেন, হেলাল শরীফের মাথা, মুখ, বুক, পিঠ ও হাত-পাসহ শরীরের অধিকাংশ স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। অবস্থা সংকটাপন্ন হওয়ায় পরে তাঁকে শহরের একটি ক্লিনিকে নিয়ে যান স্বজনেরা।
চিকিৎসাধীন হেলালের সঙ্গে থাকা তাঁর মামা ইলিয়াস হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, হেলালের প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। রক্ত দিলেও তা শরীরে থাকছে না। তবে তাকে বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকেরা।
বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলাম বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে যাচ্ছিলাম। কিন্তু সিরাজুলের লোকজন আমাদের মিছিলে হামলা চালায়।’ তবে আওয়ামী লীগের প্রার্থী সিরাজুল ইসলাম বলেন, এ সংঘর্ষের ঘটনায় তাঁর পক্ষের কেউ জড়িত নন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবাস কুমার বিশ্বাস বলেন, পুলিশ গিয়ে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে র্যা ব ও পুলিশ মোতায়েন রয়েছে।