শ্রীপুরে বস্তাবন্দী অবস্থায় ইউপি সদস্য উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকা থেকে বস্তাবন্দী অবস্থায় কিশোরগঞ্জের এক ইউপি সদস্যকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল সাড়ে আটটার দিকে পৌরসভার শ্রীপুর টেক্সটাইল মিলের সামনে থেকে তাঁকে উদ্ধার করা হয়। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

উদ্ধার হওয়া বদিউল আলম ভূঁইয়ার (৬২) বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুরে। তিনি উপজেলার সরারচর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গত বৃহস্পতিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন।

শ্রীপুর থানার এসআই জামিল উদ্দিন রাশেদ বলেন, গতকাল সকালে স্থানীয় এক ব্যক্তি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে পড়ে থাকা বস্তা দেখতে পেয়ে কাছে গেলে গোঙানির শব্দ শুনতে পান। বস্তা খুলে ভেতরে জীবিত মানুষ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। সেখান থেকে বদিউল ভূঁইয়াকে উদ্ধার করে পুলিশ। পরে তাঁকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং স্বজনদের খবর দেওয়া হয়।

গতকাল হাসপাতালে বদিউল ভূঁইয়ার সঙ্গে কথা হয়। তিনি বলেন, তিনি বিদেশে শ্রমিক রপ্তানির কাজে জড়িত। ২০১৪ সালে তাঁর এলাকার ২০ জন শ্রমিককে বিদেশ পাঠানোর জন্য ঢাকার আশকোনার সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারের সাগর খান নামের এক ব্যক্তিকে ৩৫ লাখ টাকা দিয়েছিলেন। বিদেশ পাঠাতে ব্যর্থ হওয়ার পর টাকা ফেরত দিতে নানা টালবাহানা করতে থাকেন সাগর। বৃহস্পতিবার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সাগর। এ জন্য তিনি সাগরের আশকোনার কার্যালয়ে যান। সন্ধ্যায় সাগর খানের সঙ্গে ইফতার করেছিলেন। এরপর থেকে তিনি আর কিছুই জানেন না।

শ্রীপুর থানার ওসি আসাদুজ্জামান বলেন, ঘটনার সঙ্গে আর্থিক লেনদেনের বিষয় জড়িত থাকায় রহস্যজনক মনে হচ্ছে। তদন্ত করে প্রকৃত ঘটনা জানা যাবে।