শ্রীপুরে ব্যবসায়ীর লাশ উদ্ধার
নিখোঁজের তিন দিন পর গতকাল রোববার গাজীপুরের শ্রীপুর উপজেলায় মো. আবদুল হাই (৫৫) নামের এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আবদুল হাই উপজেলার দক্ষিণ পেলাইদ নামাপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, বরমীর এক গরু ব্যবসায়ীর কাছ থেকে আবদুল হাই কিছু টাকা ধার নিয়েছিলেন। ওই টাকা পরিশোধের জন্য গত বৃহস্পতিবার সকাল আটটার দিকে আবদুল হাই বাড়ি থেকে ওই ব্যবসায়ীর বাড়ির উদ্দেশে রওনা হন। সন্ধ্যায় আবদুল হাই মুঠোফোনে তাঁর বাড়ির নম্বরে ফোন করে বলেন, কয়েকজন লোক তাঁর চোখ বেঁধে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে নিয়ে যাচ্ছে। এরপর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। গতকাল ভোরে পেলাইদ এলাকায় হাফিজুর মুন্সীর বাড়ির কাছে গজারি বনে এক ব্যক্তির লাশ পড়ে থাকার খবর পান স্বজনেরা। পরে তাঁরা গিয়ে শনাক্ত করেন। খবর পেয়ে সকাল ১০টার দিকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
আবদুল হাইয়ের স্ত্রী হাসনা বানু বলেন, তাঁর স্বামীর কাছ থেকে দুর্বৃত্তরা টাকা লুট করে তাঁকে হত্যা করেছে।
শ্রীপুর থানার এসআই আশরাফুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে একটি বিষের বোতল উদ্ধার করা হয়েছে। হত্যার ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে দুর্বৃত্তরা এ কাজ করতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই তাঁর মৃত্যুর আসল কারণ জানা যাবে।