শ্রীপুরে মুক্তিযোদ্ধার ওপর হামলা
মাগুরার শ্রীপুর উপজেলার সদর ইউনিয়নের তখলপুর গ্রামের মশিউর রহমান (৬৮) নামের এক ব্যক্তিকে পিটিয়ে আহত করা হয়েছে। তাঁকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার সকালে ওই ঘটনা ঘটে।
মশিউর রহমানের দাবি, তিনি একজন মুক্তিযোদ্ধা এবং বিডিআরের (বর্তমানে বিজিবি) অবসরপ্রাপ্ত সুবেদার। ২০১০ সালে তিনি চাকরি থেকে অবসরে আসেন।
মাগুরা সদর হাসপাতালের মুক্তিযোদ্ধা কেবিনে চিকিৎসাধীন আহত মশিউর রহমান গতকাল রোববার সকালে প্রথম আলোকে বলেন, জমিজমা নিয়ে প্রতিবেশী আকেন বিশ্বাস, ফায়েন বিশ্বাস ও ছাকেন বিশ্বাসের সঙ্গে তাঁর দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। তাঁরা জোর করে তাঁর (মশিউর রহমানের) কিছু জমি ভোগদখল করছিলেন। এ নিয়ে তিনি ওই তিন প্রতিবেশীর বিরুদ্ধে আদালতে তিনটি দেওয়ানি মামলা করেন। পৃথক ওই মামলা তিনটি আদালতে বিচারাধীন রয়েছে।
থানা-পুলিশ, আহত মশিউর রহমান ও স্থানীয় ইউপি সদস্য আবদুর রউফ প্রথম আলোকে বলেন, চলতি মাসের প্রথম দিকে আবদুর রউফ ও গণ্যমান্য ব্যক্তিরা মশিউর রহমানের সঙ্গে প্রতিবেশীর জমিজমার ওই বিরোধ মেটাতে সালিস বৈঠক করেন। সালিস বৈঠকে বিষয়টির সমাধান করা হয়। দুই পক্ষই সালিসের সিদ্ধান্ত মেনে নেয়। কিন্তু চার-পাঁচ দিন আগে বিরোধপূর্ণ একটি জমির গাছ কাটা নিয়ে আবারও বিরোধ দেখা দেয়। ফলে মশিউর রহমান ওই তিন প্রতিবেশীর বিরুদ্ধে আদালতে আরেকটি মামলা করেন। ওই মামলার কারণে ক্ষুব্ধ হয়ে মনিরুল ও সুমন নামের দুজন মশিউর রহমানকে পিটিয়ে আহত করেন।
মশিউর রহমান দাবি করেন, মামলার ঘটনায় তাঁর ওপর হামলায় পেছনে থেকে মদদ জুগিয়েছেন আবদুর রউফ। তবে হামলার সময় আবদুর রউফ ঘটনাস্থলে ছিলেন না। তাঁকে হাতুড়ি দিয়ে পেটানোর বিষয়টিও অস্বীকার করে তিনি বলেন, তাঁদের হাতে লাঠি ছিল। বেধড়ক মারধর করেন। দূরে আরও অন্য লোক ছিল।
অভিযোগ সম্পর্কে আবদুর রউফ বলেন, ‘মনিরুল ও সুমন আপন চাচাতো ভাই। দুজনই ভ্যানচালক। মশিউর (মশিউর রহমান) চাচার সঙ্গে ওদের জমিজমার বিরোধ গ্রামে সালিস করে মিটিয়ে দেওয়া হয়। তারপরও তিনি কয়েক দিন আগে মনিরুল ও সুমনের বাবা এবং ওদের চাচার বিরুদ্ধে নতুন করে মামলা করেন। শুনেছি, মশিউর চাচা শুক্রবার সকাল নয়টার দিকে বাইসাইকেলে বাড়ি থেকে বের হন। বাড়ির ১০০ গজের মতো দূরে আসলে মনিরুল ও সুমন কেন নতুন করে মামলা হলো জিজ্ঞাসা করে। এ সময় মশিউর চাচা আরও মামলা করার হুমকি দেন। এ নিয়ে বাদানুবাদ হয়। একপর্যায়ে মনিরুল ও সুমন তাঁকে মারধর করে। পরে তাঁকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এখন শুনছি, অহেতুক আমার ওপর দোষ চাপানো হচ্ছে। আমি নাকি মারতে ওদের মদদ দিছি।’
জিজ্ঞাসা করা হলে শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাস বলেন, ‘মুক্তিযোদ্ধা তালিকায় মশিউর রহমানের নাম নেই। তবে তিনি মুক্তিযুদ্ধ করেছেন বলে শুনেছি।’
মাগুরা সদর হাসপাতালের অর্থোপেডিক বিভাগের চিকিৎসক চিত্তরঞ্জন রায় বলেন, ওই ব্যক্তি দুই পায়ের হাঁটুর নিচে এবং হাতের দুটি আঙুলে আঘাত পেয়েছেন। সম্ভবত লাঠি দিয়ে আঘাত করা হয়েছে। তবে তা গুরুতর কিছু নয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, ‘মশিউর রহমান বা তাঁর পক্ষে কেউ থানায় কোনো অভিযোগ করেননি। আমি লোকমুখে শুনে ঘটনাস্থলে গিয়েছি। মূলত তিনি নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করে সুবিধা নেওয়া চেষ্টা করছেন। শুনেছি, তিনি মুক্তিযোদ্ধার তালিকায় নাম ওঠাতে চাচ্ছেন।’
মশিউর রহমানের ছেলে রিয়াদুল ইসলাম গতকাল রোববার বলেন, ‘আব্বা আহত হওয়ার ঘটনায় আমরা মামলা করিনি। মামলা করা হবে কি না, তা-ও বলতে পারছি না।’