শ্রীপুরে যাত্রার নামে অশ্লীল নাচ-গান
মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের গোয়ালদাহ বাজারে যাত্রার নামে চলছে অশ্লীল নাচ-গান। প্রতিদিন কমপক্ষে হাজার খানেক মানুষ ওই নাচ-গান দেখতে ভিড় করছে। দর্শকদের মধ্যে শিশু-কিশোররাও রয়েছে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, মঞ্জুশ্রী অপেরা নামে খুলনার একটি যাত্রাদল ১০ অক্টোবর থেকে গোয়ালদাহ বাজারে যাত্রার নামে ওই নাচ-গান চালাচ্ছে। এ জন্য বাজারে গরুর হাট এলাকায় নির্মাণ করা হয়েছে প্যান্ডেল। দারিয়াপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) তত্ত্বাবধানে গোয়ালদাহ বাজার বণিক সমিতির উদ্যোগে যাত্রাদলটি আনা হয়। রাত ১১টা থেকে ভোর পর্যন্ত চলে নাচ-গান। দর্শকদের একটি অংশ শিশু-কিশোর। যাত্রা প্যান্ডেলে প্রবেশমূল্য সাধারণ শ্রেণি ১০০ টাকা এবং চেয়ার ৩০০ ও ৪০০ টাকা। হাজারের বেশি দর্শক হচ্ছে প্রতিদিন।
স্থানীয় লোকজন বলেন, গোয়ালদাহ বাজারের আশপাশে চারটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। গতকাল রোববার থেকে বিদ্যালয়গুলোতে এসএসসি পরীক্ষার্থীদের প্রাক্-নির্বাচনী পরীক্ষা শুরু হয়েছে। মাইকের নাচ-গানের শব্দে শিক্ষার্থীদের পড়ালেখা বিঘ্নিত হচ্ছে। এ ছাড়া অনেক শিক্ষার্থী লুকিয়ে যাত্রা দেখতে যাচ্ছে।
গত শনিবার রাতে যাত্রা প্যান্ডেলে দিয়ে দেখা গেল, দর্শকদের প্রায় এক-তৃতীয়াংশই শিশু-কিশোর। রাত ১১টার দিকে যাত্রা শুরু হলে যাত্রার একজন নৃত্যশিল্পী মঞ্চে এলেন। তিনি উত্তেজক গানের সঙ্গে শুরু করলেন অশ্লীল নাচ। একপর্যায়ে তিনি একে একে শরীরের সব কাপড় খুলে নাচতে শুরু করেন। দর্শকদের অনেকে মঞ্চে উঠে নৃত্যশিল্পীর শরীরে টাকা ছুড়ে মারছিলেন।
নাম প্রকাশ না করার শর্তে পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তি প্রথম আলোকে বলেন, ‘না বুঝেই যাত্রা দেখতে এসেছিলাম। এসে হতবাক। যাত্রায় প্রকাশ্যে এমন নাচ আগে দেখিনি। আমি কিছুক্ষণ দেখার পর লজ্জায় চলে এসেছি।’
গোয়ালদাহ বাজারের পাশে চর মহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কুমার মণ্ডল বলেন, ‘এলাকায় যাত্রাপালা চললে শিক্ষার্থীদের তো একটু অসুবিধা হবেই। এর থেকে বাঁচার তো কোনো পথ নেই। তবে আমি কর্তৃপক্ষকে বলেছি, যেন শিক্ষার্থীরা যাত্রা প্যান্ডেলে না ঢোকে, সেদিকে খেয়াল রাখতে।’
অশ্লীল নাচ-গানের কথা অস্বীকার করে দারিয়াপুর ইউপির চেয়ারম্যান জাকির হোসেন বলেন, ‘আমি এক দিন গেছি। অশ্লীল কিছু হচ্ছে না। পুলিশ ও ডিবির উপস্থিতি থাকে। আমার পরিষদের নবুওয়াত মেম্বার যাত্রা আনছে। তিনিই সব দেখাশোনা করছেন।’
যোগাযোগ করা হলে নবুওয়াত হোসেন বলেন, ‘আমি বাজার বণিক সমিতির সদস্য। বণিক সমিতির নামে হলেও ইউনিয়ন পরিষদের উদ্যোগে ও তত্ত্বাবধানে যাত্রা চলছে। আপাতত ২৪ অক্টোবর পর্যন্ত চালাব। পরে সময় বাড়াব। মাস ধরে চলানোর চেষ্টা করব।’ অনুমোদন নেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘ডিসির এলআর ফান্ডে টাকা দিছি। যাত্রা শুরুর আগেই পুলিশ সুপার, থানা-পুলিশ, ডিবি সবাইকে টাকা দিয়ে অনুমোদন নিছি। প্রতিদিন টাকা দিচ্ছি। আপনার কাছে কিছু লুকাব না। আসলে ডিসির অনুমতির কাগজে সই হইছে। আজ (রোববার) বিকেলে কাগজটা নিয়ে আসব।’
জানতে চাইলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, ‘ডিসি-এসপি যাত্রার পারমিশন দেছে। তাঁরা বল্লিই বন্ধ করে দেব। আমার এ ঝামেলা রাখার কোনো দরকার নেই।’
তবে অনুমোদন দেওয়ার কথা অস্বীকার করে জেলা প্রশাসক মুহঃ মাহবুবর রহমান গতকাল রোববার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘আমরা কোনো অনুমোদন দেইনি।’