শ্রীপুরে শিশু ধর্ষণের শিকার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ১২ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার সন্ধ্যায় শিশুটির মা বাদী হয়ে সোহাগ মিয়া (১৮) নামের এক তরুণের বিরুদ্ধে মামলা করেছেন।

এজাহার সূত্রে জানা গেছে, শুক্রবার বাদীর বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল। এ উপলক্ষে বৃহস্পতিবার সারা রাত সংগীতানুষ্ঠান হয়। শুক্রবার ভোরের দিকে আসামি সোহাগ তাঁর মেয়েকে বাড়ির নির্জন স্থানে নিয়ে মুখে কাপড় বেঁধে ধর্ষণ করেন। একপর্যায়ে মেয়েটির চিৎকার শুনে বাড়ির লোকজন ছুটে এলে আসামি পালিয়ে যান। এ ঘটনাটি জানাজানি হলে আসামির পরিবার বিষয়টি ধামাচাপা দিতে শিশুটির পরিবারকে তিন দিন ধরে বাড়িতে বন্দী রাখে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় ঘটনাটি তাঁরা পুলিশকে জানান।

শিশুর চাচার ভাষ্য, ঘটনার পর থেকেই আসামির পরিবার তাঁদের নানাভাবে হুমকি দিয়ে আসছিল। তাঁদের বাড়ি থেকে বের হতে দেওয়া হয়নি। একপর্যায়ে আসামিকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করে পরিবার। এ বিষয়টি জানতে পেরে কৌশলে তাঁরা শ্রীপুর পুলিশে খবর দেন।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক জানান, খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। শিশুটির মা থানায় মামলা করেছেন। আসামি সোহাগ মিয়া বিদেশে চলে যেতে পারেন, এমন তথ্য পাওয়ায় বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে তাঁর বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে। পরীক্ষার জন্য শিশুটিকে হাসপাতালে নেওয়ার প্রক্রিয়া চলছে। সোহাগকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।