সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এক ছাত্রীর আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি উচ্চবিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল রোববার শ্রীপুর থানায় এ মামলা করা হয়।
এদিকে গতকাল দুপুরে ওই উচ্চবিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষককে বরখাস্ত করেছে বিদ্যালয় পরিচালনা পর্ষদ। প্রায় দুই বছর আগে এক শিক্ষার্থীকে মারধর করে গুরুতর আহত করায় বরখাস্ত হয়েছিলেন তিনি।
এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষকদের সূত্রে জানা গেছে, উচ্চবিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক সম্প্রতি দশম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে ঘনিষ্ঠ হন। পরে কৌশলে মুঠোফোনে আপত্তিকর ছবি ধারণ করেন। পরে তিনি এসব ছবি ফেসবুকে ছড়িয়ে দেন। এ ঘটনা ফেসবুকে ভাইরাল হয়ে গেলে ছাত্রীর পরিবারের পক্ষ থেকে গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। এদিকে বিকেলে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করে।
জানতে চাইলে ইউএনও রেহেনা বেগম বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ওই শিক্ষক পলাতক। তাঁকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।