শ্রীপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা
গাজীপুরের শ্রীপুরে স্বামীর দায়ের কোপে এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার ধনুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম আমেনা খাতুন (৩৫)। তিনি ময়মনসিংহের কোতোয়ালি থানাধীন চর রাঘবপুর গ্রামের ভাঙারি ব্যবসায়ী আজাহারুল ইসলামের স্ত্রী। তাঁরা ধনুয়া গ্রামের একটি বাড়ির ভাড়াটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, আমেনা খাতুন স্থানীয় আর এ কে সিরামিক কারখানার মাটি কাটা শ্রমিক। গতকাল সন্ধ্যায় পারিবারিক বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আজাহারুল লাঠি দিয়ে মারধর করলে স্ত্রী পালিয়ে পাশের একটি ঘরে আশ্রয় নেন। পরে সেখানে গিয়ে তাঁকে দা দিয়ে এলোপাতাড়ি কোপান আজাহারুল। ঘটনাস্থলেই আমেনা বেগমের মৃত্যু হয়।
ঘটনার পর স্বামী আজাহারুল পালিয়ে যান। তাঁদের চার সন্তান রয়েছে। খবর পেয়ে পুলিশ রাত আটটার দিকে লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, আজাহারুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।