শ্রীপুরে স্বামীর নির্যাতনে গৃহবধূ হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার শ্রীপুর উপজেলার চাকদহ গ্রামে স্বামীর নির্যাতনে সীমা বিশ্বাস (২৩) নামের এক গৃহবধূ নিহত হওয়ার অভিযোগ উঠেছে। ওই গ্রামে শ্বশুরবাড়ি থেকে গতকাল রোববার সীমার লাশ উদ্ধার করেছে পুলিশ।
সীমার স্বামী সুব্রত বিশ্বাসের বাড়ি উপজেলার গয়েসপুর ইউনিয়নের চাকদহ গ্রামে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
সীমা উপজেলার আমলসার ইউনিয়নের কোদলা গ্রামের অখিল বিশ্বাসের মেয়ে। সীমার ভাই অশোক বিশ্বাস বলেন, চার বছর আগে সুব্রত ও সীমার বিয়ে হয়। তাঁদের দুই বছরের একটি ছেলে আছে। বিয়ের পর বিদেশে যাওয়ার জন্য সুব্রত তাঁদের কাছে টাকা দাবি করেছিলেন। তাঁরা জমি বিক্রি করে দুই লাখ টাকা দিয়েছিলেন। বিদেশে গিয়ে মাত্র এক মাস পর সুব্রত ফিরে এসেছিলেন। এরপর বিভিন্ন অজুহাতে তাঁদের কাছে টাকা দাবি করতেন, না পেলে সীমার ওপর নির্যাতন করতেন। এই টাকার জন্য গত শনিবার রাতে সীমাকে বেদম মারধর করেন সুব্রত। একপর্যায়ে সীমার মৃত্যু হলে গলায় গামছা পেঁচিয়ে মৃতদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখেন। পরে তাঁদের খবর দেন যে সীমা আত্মহত্যা করেছেন। শ্রীপুর থানায় খবর দিলে গতকাল দুপুরে পুলিশ সীমার মৃতদেহ উদ্ধার করে। এ ব্যাপারে তিনি সুব্রত ও তাঁর পরিবারের বিরুদ্ধে মামলা করবেন।
শ্রীপুর থানায় গতকাল সীমার শাশুড়ি সবিতা বিশ্বাস ও শ্বশুর অখিল বিশ্বাস দাবি করেন, শনিবার রাতে সুব্রতর সঙ্গে সীমার ঝগড়া হয়েছিল। তাঁকে কেউ মারপিট করেননি। ঝগড়ার পর মনের কষ্টে সীমা আত্মহত্যা করেছেন।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায় বলেন, মেয়েটির শরীরে আঘাতের চিহ্ন আছে। তা ছাড়া মেয়েটির স্বামী পলাতক থাকায় তাঁদের সন্দেহ সীমাকে মেরে ফেলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।