শ্রীপুরে হামলায় বিট কর্মকর্তাসহ আহত ৫
গাজীপুরের শ্রীপুরে বনের জায়গায় স্থাপনা নির্মাণে বাধা দেওয়ায় লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে বিট কর্মকর্তাসহ পাঁচজনকে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে শ্রীপুর পৌর এলাকার বৈরাগীরচালা গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও বন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, বৈরাগীরচালা গ্রামের জহিরুল ইসলাম বনের জমি দখলে নিয়ে বাড়ি নির্মাণ করেছেন। খবর পেয়ে গতকাল সকালে বন বিভাগের লোকজন ওই জায়গা উদ্ধার করতে যান। এ সময় জহিরুলের লোকজন লাঠিসোঁটা নিয়ে বন বিভাগের লোকজনের ওপর হামলা করেন। এতে শ্রীপুর সদর বিট কর্মকর্তা রফিকুল ইসলাম (৩৫), বন প্রহরী আনোয়ার হোসেন (৫০), আজাহারুল হক (৪৫), সাজেদুর রহমান (৩৫) ও জাহাঙ্গীর আলম (৩৫) আহত হন। পরে এলাকাবাসী তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
জহিরুল ইসলাম বলেন, প্রায় দুই যুগ ধরে তিনি ওই জায়গায় বসবাস করছেন। বাংলা ১৪২২ সন পর্যন্ত জমির খাজনা পরিশোধ রয়েছে। জমিতে একটি নড়বড়ে খুঁটি মজবুত করার সময় বন বিভাগের লোকদের সঙ্গে কথা-কাটাকাটি হয়েছে। তা ছাড়া ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না।
শ্রীপুরের ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, হামলার ঘটনায় জহিরুল ইসলাম ও তাঁর সহযোগীদের নামে শ্রীপুর থানায় অভিযোগ দেওয়া হয়েছে।