শ্রীপুরে হামলায় সাংবাদিক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহীন আকন
শাহীন আকন

গাজীপুরে দৈনিক কালের কণ্ঠ পত্রিকার আঞ্চলিক প্রতিনিধি শাহীন আকন্দকে গতকাল শুক্রবার পিটিয়ে আহত করেছেন তিন যুবক। হামলাকারীদের মধ্যে একজন ছাত্রলীগের সাবেক নেতা বলে জানা গেছে।
আহত শাহীনের বাড়ি শ্রীপুর উপজেলার সাতখামাইর বাজারে। তিনি স্থানীয় পল্লি চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
শাহীন আকন্দ প্রথম আলোকে বলেন, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে তিনি নিজ বাসার সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পেছন থেকে তাঁর মাথায় লাঠি দিয়ে আঘাত করেন হামলাকারীরা। পেছনে তাকানোর পর পিঠ ও ঘাড়ে আরেকটি আঘাত করেন তাঁরা। তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান।
শাহীন বলেন, তিনি হামলাকারী দুজনকে চিনতে পেরেছেন। তাঁরা হলেন মো. আসাদ (৩০) ও গোলজার হোসেন রাহাত (২৬)। তাঁরা সাতখামাইর গ্রামের মৃত আবদুল হামিদের ছেলে। তাঁদের সঙ্গে চাপাতি হাতে অজ্ঞাত এক যুবকও ছিলেন। কেন এই হামলা, তা বলতে পারেননি শাহীন। তিনি বলেন, জানামতে তাঁর পরিবারের সঙ্গে কারও কোনো রকম শত্রুতা নেই।
এদিকে গোলজার হোসেন রাহাত ছাত্রলীগের সাবেক নেতা বলে নিশ্চিত করেছেন দলটির শ্রীপুর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন। তিনি বলেন, গোলজার উপজেলা বরমী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, আহত শাহীন থানায় মৌখিকভাবে অভিযোগ দিয়েছেন। এরপর পুলিশের তিনটি দল অভিযুক্ত ব্যক্তিদের বাড়িতে অভিযান চালিয়েছে। এ সময় বাড়িতে কাউকে পাওয়া যায়নি।