শ্রীপুরে ২২০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুরের শ্রীপুর উপজেলার গিলারচালা ও বেরাইদেরচালা এলাকায় গ্যাসের ১০ কিলোমিটার অবৈধ পাইপলাইন উচ্ছেদ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এতে দুই হাজার ২০০ অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়। গতকাল বুধবার তিতাস গ্যাস কর্তৃপক্ষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
তিতাস কর্তৃপক্ষ জানায়, শ্রীপুরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাসের পাইপ বসিয়ে কয়েক হাজার সংযোগ নেওয়া হয়েছে। এসব সংযোগ বাসাবাড়িতে ব্যবহার করছে কিন্তু সরকার কোনো রাজস্ব পাচ্ছে না। এ ছাড়া গ্যাসের পাইপ নিম্নমানের ও অপরিকল্পিত হওয়ায় যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তিতাসের গাজীপুর ও ভালুকা জোনাল অফিসের কর্মকর্তারা জেলা প্রশাসনের সহায়তায় গতকাল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান শুরু করেন। দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে গিলারচালা এলাকা থেকে ছয় কিলোমিটার এবং বেরাইদেরচালা এলাকা থেকে চার কিলোমিটার গ্যাস পাইপ অপসারণ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম সাজিয়া আফরোজ।