শ্রীবরদীতে ইউপি চেয়ারম্যান ও সদস্য বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের শ্রীবরদীতে স্থানীয় সরকার সহায়তা প্রকল্পের (এলজিএসপি) অর্থ আত্মসাতের অভিযোগে তাতিহাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. দিদারুল আলম ওরফে হিটলার এবং সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য রহিমা বেগমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

৯ আগস্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব শরীফা আহমেদের স্বাক্ষরিত এক চিঠিতে বরখাস্তের এ আদেশ দেওয়া হয়। গত সোমবার শেরপুরের জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখা এ আদেশের চিঠি পায়।

স্থানীয় সরকার শাখা সূত্রে জানা গেছে, ২০১৩-১৪ অর্থবছরে শ্রীবরদীর তাতিহাটি ইউপির বিভিন্ন উন্নয়নকাজের জন্য এলজিআরডি মন্ত্রণালয় থেকে এলজিএসপি-২ প্রকল্পের আওতায় ৭ লাখ ১১ হাজার ১৬৭ টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু ইউপি চেয়ারম্যান দিদারুল আলম ও নারী সদস্য রহিমা বেগম উন্নয়নকাজ না করে বরাদ্দের পুরো টাকা আত্মসাৎ করেন। মন্ত্রণালয়ের তদন্তে অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪ (১) ধারা মোতাবেক তাঁদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তাতিহাটি ইউপির চেয়ারম্য​ান দিদারুল আলম বলেন, তিনি এলজিএসপির বরাদ্দ করা টাকা উত্তোলন করে কাজ করেছিলেন। কিন্তু কাজ মানসম্মত না হওয়ায় নিরীক্ষা আপত্তির কারণে প্রায় তিন মাস আগে উত্তোলন করা ৭ লাখ ১১ হাজার ১৬৭ টাকা ব্যাংকে জমা দিয়েছেন। তাই তাঁর বিরুদ্ধে আনীত অর্থ আত্মসাতের অভিযোগ সঠিক নয়।

অপর দিকে তাতিহাটি ইউপির সংরক্ষিত ওয়ার্ডে​র নারী সদস্য রহিমা বেগম অসুস্থ থাকায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে তাঁর স্বামী জাজিম মিয়া বলেন, তাঁর স্ত্রী রহিমা এলজিএসপির কোনো টাকা আত্মসাৎ করেননি। চেয়ারম্যান দিদারুল জোরপূর্বক চেকের পাতায় তাঁর (জাজিম) স্ত্রীর সই নিয়েছিলেন। এ বিষয়ে ২০১৪ সালের ২৫ নভেম্বর  রহিমা শ্রীবরদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক এনামুল হক বলেন, এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য শ্রীবরদীর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।