শ্রীবরদীতে প্রতিপক্ষের হামলায় শিশু নিহত, বাবা-চাচা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের শ্রীবরদীতে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ইয়াছমিন বেগম (১২) নামে এক শিশু নিহত এবং তার বাবা ও চাচা আহত হয়েছেন। গত শুক্রবার উপজেলার কালিবাড়ি গ্রামে এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
ইয়াছমিন শ্রীবরদী উপজেলার কালিবাড়ি গ্রামের ইয়াছিন আলীর মেয়ে। এ ঘটনায় আহত ইয়াছমিনের বাবা ইয়াছিন আলী ও তার চাচা শামিম মিয়া বর্তমানে শেরপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল সোমবার দুপুরে সদর হাসপাতালের মর্গে ইয়াছমিনের ময়নাতদন্ত হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ আবদুল মতিন নামে একজনকে গ্রেপ্তার করেছে। তাঁকে গতকাল বিকেলে শেরপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতের নির্দেশে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়াছিন আলীর সঙ্গে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী ছামিউল হকের বিরোধ চলছিল। এর জের ধরে ১৯ জুন শুক্রবার বিকেলে ছামিউল হক ও তাঁর ১০-১২ জন সহযোগী দেশীয় অস্ত্র নিয়ে ইয়াছিন আলীর বাড়িতে হামলা চালায়। হামলায় ইয়াছমিন, ইয়াছিন ও শামিম আহত হন। তাঁদের শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে শিশু ইয়াছমিনকে গত রোববার গভীর রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. আলী বলেন, এ ঘটনায় ইয়াছমিনের মা কোহিনূর বেগম বাদী হয়ে ছামিউল, মতিনসহ ১০-১২ জনের বিরুদ্ধে শ্রীবরদী থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ এজাহারভুক্ত আসামি মতিনকে গ্রেপ্তার করেছে।