শ্রীবরদীতে বাবার হাতে ছেলে এবং মোহনগঞ্জে পল্লিচিকিৎসক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের শ্রীবরদীতে এক ব্যক্তি তাঁর ছেলেকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় গত সোমবার রাতে তোফায়েল আহমেদ ওরফে রুবেল (৩৫) নামের এক পল্লিচিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শেরপুরের শ্রীবরদী উপজেলার উলুকান্দা গ্রামের জরিপ উদ্দিন (৬০) গত রোববার রাতে তাঁর ছেলে আলমগীর হোসেনকে (২৮) দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। গতকাল মঙ্গলবার আলমগীর মারা গেছেন। আলমগীর পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন। তাঁর স্ত্রী ও দুই শিশুসন্তান আছে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে আলমগীরের সঙ্গে তাঁর বাবা-মার কলহ চলছিল। এর জের ধরে গত রোববার রাতে মা বিনা বেগমের সঙ্গে আলমগীরের ঝগড়া হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বাবা জরিপ উদ্দিন দা দিয়ে আলমগীরের মাথায় কোপ দেন। এতে আলমগীর গুরুতর আহত হন। পরে স্বজনেরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় আলমগীরকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যাওয়া হয়। সেখানে গতকাল মঙ্গলবার তিনি মারা যান। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস আলী বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মোহনগঞ্জ উপজেলার উত্তর জগদীশপুর গ্রামের পল্লি চিকিৎসক তোফায়েল আহমেদ নগর বাজারে ওষুধের ব্যবসা করতেন। পাশাপাশি নিজের পুকুরে মাছ চাষ করতেন। সোমবার রাত নয়টার দিকে তিনি ওই পুকুরে পাহারা দেওয়া শুরু করেন। রাত ১২টার দিকে দুর্বৃত্তরা লাঠি, চাপাতি, রাম দা নিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। তাঁর চিৎকার শুনে স্থানীয় দুই জেলে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান। রাত একটার দিকে তাঁর মৃত্যু হয়। ওই পল্লিচিকিৎসকের চাচাতো ভাই রুহুল আমিন বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তিনি এলাকায় প্রচারণা চালাচ্ছিলেন। এর জের ধরে প্রতিদ্বন্দ্বী পক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
মোহনগঞ্জ থানার ওসি মরমিজুল হক বলেন, লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ গতকাল মঙ্গলবার সকালে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।