শ্রীবরদীতে মা ও ঈশ্বরগঞ্জে ভাইকে হত্যা
শেরপুরের শ্রীবরদীতে গতকাল রোববার পারিবারিক কলহের জের ধরে এক নারী খুন হয়েছেন। ছেলে তাঁকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। নিহত বানেছা উপজেলার গোসাইপুর ইউনিয়নের গিলাগাছা গ্রামের শাহ আলীর স্ত্রী। পুলিশ এ ঘটনায় ছেলে আবু বকরকে (২৮) আটক করেছে।
এদিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় মামুন মিয়া (২২) নামে এক যুবকের বিরুদ্ধে তাঁর বড় ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত শাহীন মিয়া (২৫) উপজেলার বিষ্ণুপুর গ্রামের আবু তাহেরের ছেলে। এ ঘটনায় পুলিশ মামুন মিয়াকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে গিলাগাছা গ্রামের বাড়িতে পারিবারিক বিষয় নিয়ে বানেছা বেগমের সঙ্গে তাঁর ছেলে আবু বকরের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে আবু বকর একটি ভারী কাঠ দিয়ে তাঁর মাকে আঘাত করেন। এতে বানেছা মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পরপরই আবু বকর পালিয়ে যান। পরে পুলিশ আবু বকরকে পাশের একটি গ্রাম থেকে আটক করে।
শ্রীবরদী থানার ওসি মো. এস আলম গতকাল সন্ধ্যা ছয়টায় প্রথম আলোকে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় মামলা হয়নি। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর গ্রামে গতকাল সকালে শাহীন মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির স্ত্রী খাদিজা বেগম বলেন, চার মাস আগে তাঁদের বিয়ে হয়। শ্বশুরবাড়ির কেউ তাঁকে মেনে নিতে চায়নি। তবে স্বামী তাঁকে ত্যাগ করতে রাজি হননি। এ নিয়ে স্বামীর সঙ্গে দেবর মামুন ও পরিবারের অন্য সদস্যদের দ্বন্দ্ব দেখা দেয়। গতকাল সকালে মামুন তাঁর স্বামীকে লাঠি দিয়ে মারধর করেন। এরপর একটি ধারালো দা নিয়ে ধাওয়া দেন। বাড়ি থেকে প্রায় দেড় শ গজ দূরে শাহীনকে কুপিয়ে হত্যা করা হয়। পরে দাসহ মামুনকে আটক করে গ্রামবাসী।
গতকাল সরেজমিনে দেখা যায়, শাহীন মিয়ার লাশের পাশে তাঁর মা নূরজাহান বেগম বিলাপ করছেন। পাশে হাতকড়া লাগানো অবস্থায় মামুন মিয়া। উপজেলার আঠারোবাড়ি ইউনিয়নের রায়েরবাজার তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আল মামুন খন্দকার বলেন, মামুন মিয়া তাঁর বড় ভাইকে হত্যা করার কথা স্বীকার করেছেন।