শ্রীবরদীতে মা-ছেলের মৃত্যুর পাঁচ দিন পরও উদ্ঘাটিত হয়নি রহস্য
পাঁচ দিন পরও শেরপুরের শ্রীবরদীতে মা-ছেলের মৃত্যুরহস্য উদ্ঘাটিত হয়নি। এমনকি এ ঘটনায় জড়িত সন্দেহভাজন বিপ্লব হোসেনকেও পুলিশ আটক করতে পারেনি। এ ছাড়া মা-ছেলের লাশের ময়নাতদন্তের প্রতিবেদনও পুলিশের হাতে পৌঁছেনি। এ অবস্থায় মৃত সূর্যমণি আক্তারের পরিবার হতাশায় ভুগছে।
শ্রীবরদী সদরের কলাকান্দার বাসা থেকে গত রোববার বিকেলে মা সূর্যমণি আক্তারের (২১) ঝুলন্ত এবং তাঁর শিশুপুত্র সীমান্তর (২) গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। সূর্যমণি কলাকান্দা গ্রামের েমাটরসাইকেলের মিস্ত্রি বিপ্লব হোসেনের (২৫) স্ত্রী ও টেঙ্গরপাড়া গ্রামের সুরুজ্জামানের মেয়ে।
পারিবারিক সূত্র জানায়, ঘটনার পাঁচ দিন পরও পুলিশ সূর্যমণির স্বামী বিপ্লবের বিরুদ্ধে হত্যা মামলা নেয়নি।
সূর্যমণির আত্মীয় শ্রীবরদীর রানীশিমুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান বখতিয়ার হোসেন গতকাল বৃহস্পতিবার দুপুরে জানান, বিপ্লবই স্ত্রী সূর্যমণিকে শ্বাসরোধে হত্যার পর লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখেন। এরপর তিনি (বিপ্লব) ছেলে সীমান্তকেও গলা কেটে হত্যা করেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিপ্লবকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান।
গত সোমবারের প্রথম আলোয় ‘শ্রীবরদীতে মা-ছেলের মৃত্যু নিয়ে রহস্য’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, মা-ছেলের মৃত্যুর ঘটনাটি পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। ছেলে সীমান্তকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করার বিষয়টি পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে। তাই এ ব্যাপারে শ্রীবরদী থানার উপপরিদর্শক (এসআই) বশির আহমেদ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় হত্যা মামলা করেছেন। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে বিপ্লবের মা মোর্শেদা বেগমকেও পুলিশ এরই মধ্যে গ্রেপ্তার করেছে। তবে ঘটনার পর থেকে বিপ্লব পলাতক রয়েছেন।
পুলিশ কর্মকর্তা আরও জানান, এ ছাড়া সূর্যমণির মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শেরপুরের সিভিল সার্জন আনোয়ার হোসেন জানান, শিগগিরই মা-ছেলের ময়নাতদন্ত প্রতিবেদন পুলিশ সুপারের কার্যালয়ে পাঠানো হবে।