নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শেরপুরের শ্রীবরদী পৌরসভার মেয়র আবু সাঈদকে বরখাস্ত ও তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবা শারমীন বাদী হয়ে গত শনিবার রাতে শ্রীবরদী থানায় মামলা করেন। এতে আবু সাঈদসহ অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। আবু সাঈদ উপজেলা আওয়ামী লীগের সদস্য।
শেরপুর জেলা প্রশাসক এ এম পারভেজ রহিম গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, মেয়র আবু সাঈদের বরখাস্তের নির্দেশনা-সংক্রান্ত চিঠিটি তিনি পেয়েছেন এবং ইতিমধ্যে তা কার্যকর হয়েছে। তিনি (আবু সাঈদ) এখন আর মেয়র নেই। তবে এ ব্যাপারে স্থানীয় সরকার মন্ত্রণালয় সরকারি আদেশ (জিও) জারি করবে বলে তিনি জানান।
তবে আবু সাঈদ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ষড়যন্ত্রমূলকভাবে মামলায় তাঁকে জড়ানো হয়েছে। গত তিন মাসেও তিনি (আবু সাঈদ) কাকিলাকুড়া ইউনিয়নে যাননি। তিনি এ ব্যাপারে আইনি লড়াই চালিয়ে যাবেন। নির্বাচন কমিশন থেকে তাঁর বরখাস্তের নির্দেশনা-সংক্রান্ত কোনো চিঠি তিনি গতকাল পর্যন্ত পাননি বলে জানান।
মামলায় আবু সাঈদের বিরুদ্ধে ইউএনও হাবিবা শারমীনের ওপর হামলা, অশোভন আচরণ ও তাঁকে প্রাণনাশের হুমকি, সরকারি কাজে বাধা দেওয়া, সরকারি সম্পত্তি নষ্ট এবং আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনের দিন সরকারি গাড়ি ব্যবহারের অভিযোগ আনা হয়েছে।
এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩১ মার্চ অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের দিন শ্রীবরদী সদরে মেয়র আবু সাঈদ আচরণবিধি লঙ্ঘন করে সরকারি গাড়ি ব্যবহার করে বিভিন্ন কেন্দ্রে যান। বিষয়টি ইউএনও হাবিবা শারমীনের নজরে এলে তিনি আবু সাঈদকে সরকারি গাড়ি ব্যবহার না করতে অনুরোধ জানান। এতে ক্ষিপ্ত হয়ে আবু সাঈদ হাবিবা শারমীনের সঙ্গে অশোভন আচরণ করেন এবং একপর্যায়ে তাঁকে (ইউএনও) প্রাণনাশের হুমকি দেন।
এ ছাড়া ওই দিন রাতে শ্রীবরদীর কাকিলাকুড়া ইউনিয়নের নির্বাচনে খামারদহেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মেয়র আবু সাঈদ-সমর্থিত প্রার্থীর লোকজন নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবরোধ করে রাখেন। খবর পেয়ে ইউএনও হাবিবা শারমীন তাঁদের উদ্ধার করতে সেখানে যান। নির্বাচনী সরঞ্জাম ও কর্মকর্তাদের নিয়ে তিনি উপজেলা সদরে ফিরছিলেন। এ সময় উচ্ছৃঙ্খল জনতা ইউএনওর গাড়িতে হামলা করে। এতে গাড়ির কাচ ভেঙে যায় এবং হাবিবা শারমীন ও গাড়িচালক পিন্টু মিয়া আহত হন। মামলায় হাবিবা শারমীন এসব ঘটনায় মেয়র আবু সাঈদের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ করেছেন।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এস আলম গতকাল রোববার প্রথম আলোকে বলেন, মেয়র আবু সাইদসহ মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।