ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় শেরপুরের শ্রীবর্দী পৌরসভার মেয়র বরখাস্ত হতে পারেন। তাঁকে বরখাস্তের সুপারিশ করে নির্বাচন কমিশন সচিবালয় থেকে আজ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হতে পারে।
নির্বাচন কমিশন গতকাল মঙ্গলবার এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে কমিশন সচিবালয়ের সূত্র বলেছে।
শ্রীবর্দী পৌরসভার মেয়র আবু সাঈদ শ্রীবর্দী উপজেলা আওয়ামী লীগের সদস্য। গত ডিসেম্বরে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে তিনি মেয়র নির্বাচিত হন।
জানতে চাইলে কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, কমিশন নীতিগতভাবে শ্রীবর্দীর মেয়রকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে। সে অনুযায়ী কমিশন সচিবালয় থেকে নথি উত্থাপন করা হয়েছে। সিদ্ধান্ত চূড়ান্ত হলে বুধবার (আজ) স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে।
কমিশন সচিবালয় সূত্র বলেছে, গত ৩১ মার্চ দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে শ্রীবর্দী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খামারদহেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনা শেষে মেয়র-সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর লোকজন প্রিসাইডিং ও অন্য কর্মকর্তাদের অবরোধ করে রাখেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবা শারমীন কর্মকর্তাদের উদ্ধার করতে কেন্দ্রে যান। ব্যালট পেপার ও ব্যালট বাক্স নিয়ে কেন্দ্র থেকে ফেরার পথে মেয়রের নেতৃত্বে উচ্ছৃঙ্খল লোকজন ইউএনওর গাড়িতে হামলা করেন। এতে ইউএনও ও তাঁর গাড়িচালক পিন্টু মিয়া আহত হন। পরে ইউএনওর সঙ্গে থাকা র্যা ব ও ও পুলিশের সদস্যরা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
বিষয়টি শেরপুর জেলা প্রশাসন ও শ্রীবর্দী উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর থেকে নির্বাচন কমিশনকে জানানো হয়। কমিশন এ বিষয়ে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে ঘটনার সত্যতা পাওয়া যায়। কমিশন জানতে পারে, ভোট গ্রহণের দিন পৌর মেয়র আচরণবিধি লঙ্ঘন করে সরকারি গাড়ি নিয়ে বিভিন্ন কেন্দ্রে যাতায়াত করেন।
নির্বাচন কমিশনার আবু হাফিজ শেরপুর জেলা সফরে গিয়েও ঘটনার সত্যতা পান। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, শ্রীবর্দীর পৌর মেয়র যা করেছেন, সেটা অমার্জনীয়। এ ধরনের আচরণকে ছাড় দেওয়া হলে নির্বাচন সুষ্ঠু করা সম্ভব হবে না।
এর আগে ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় কমিশনের সুপারিশে ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আলিমকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।