শ্রীবর্দীর পৌর মেয়রকে বরখাস্ত ও গ্রেপ্তারের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় শেরপুর জেলার শ্রীবর্দী পৌরসভার মেয়র আবু সাঈদকে বরখাস্তের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। একই সঙ্গে মেয়রের বিরুদ্ধে মামলা করে তাঁকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। 

আজ বুধবার রাতে বরখাস্ত করার নির্দেশসংক্রান্ত চিঠি নির্বাচন কমিশন সচিবালয় থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। শ্রীবর্দী থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসির কাছে মামলা করে গ্রেপ্তার করার নির্দেশসংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে সই করেছেন কমিশন সচিবালয়ের উপসচিব সামসুল আলম।
কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো চিঠিতে বলা হয়েছে, ৩১ মার্চ অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবা শারমীনের ওপর হামলা ও তাঁকে প্রাণনাশের হুমকি, হামলার জন্য দুর্বৃত্তদের উসকানি দেওয়া, সরকারি কাজে বাধা দেওয়া, সরকারি সম্পত্তি নষ্ট এবং অশোভন আচরণ করায় শ্রীবর্দী পৌরসভার মেয়র আবু সাঈদকে বরখাস্ত করার নির্দেশ দেওয়া হলো।
মামলা করে গ্রেপ্তার করা-সংক্রান্ত চিঠিতেও একই ভাষা ব্যবহার করা হয়েছে।
শ্রীবর্দী পৌরসভার মেয়র আবু সাঈদ শ্রীবর্দী উপজেলা আওয়ামী লীগের সদস্য। গত ডিসেম্বরে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে তিনি মেয়র নির্বাচিত হন।
কমিশন সচিবালয় থেকে জানা যায়, ৩১ মার্চ দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে শ্রীবর্দী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খামারদহেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনা শেষে মেয়র-সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর লোকজন প্রিসাইডিং ও অন্যান্য ভোট গ্রহণ কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে ইউএনও হাবিবা শারমীন কর্মকর্তাদের উদ্ধার করতে কেন্দ্রে ছুটে যান। ব্যালট পেপার ও ব্যালট বাক্স নিয়ে কেন্দ্র থেকে ফেরার পথে উচ্ছৃঙ্খল লোকজন ইউএনওর গাড়িতে হামলা করে। এতে ইউএনও ও তাঁর গাড়িচালক পিন্টু মিয়া আহত হন। পরে ইউএনওর সঙ্গে থাকা র‍্যাব ও পুলিশ সদস্যরা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে ইউএনও এবং জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা এ বিষয়ে নির্বাচন কমিশনকে অবহিত করেন এবং এর পেছনে মেয়রের সংশ্লিষ্টতার কথা জানান।
এর আগে ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় কমিশনের সুপারিশের ভিত্তিতে ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিমকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।