ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় শেরপুর জেলার শ্রীবর্দী পৌরসভার মেয়র আবু সাঈদকে বরখাস্তের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। একই সঙ্গে মেয়রের বিরুদ্ধে মামলা করে তাঁকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।
বরখাস্তের নির্দেশনা-সংক্রান্ত চিঠি গতকাল বুধবার রাতে নির্বাচন কমিশন সচিবালয় থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়। মামলা ও গ্রেপ্তার করার চিঠি পাঠানো হয় শ্রীবর্দী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে। চিঠিতে সই করেছেন কমিশন সচিবালয়ের উপসচিব সামসুল আলম।
গতকাল কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম প্রথম আলোকে এসব তথ্য জানান।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো চিঠিতে বলা হয়েছে, ৩১ মার্চ অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবা শারমীনের ওপর হামলা ও তাঁকে প্রাণনাশের হুমকি, হামলার জন্য দুর্বৃত্তদের উসকানি দেওয়া, সরকারি কাজে বাধা দেওয়া, সরকারি সম্পত্তি নষ্ট এবং অশোভন আচরণ করায় শ্রীবর্দী পৌরসভার মেয়র আবু সাঈদকে বরখাস্ত করার নির্দেশ দেওয়া হলো। মামলা করে গ্রেপ্তার করা-সংক্রান্ত চিঠিতেও একই ভাষা ব্যবহার করা হয়েছে।
আবু সাঈদ শ্রীবর্দী উপজেলা আওয়ামী লীগের সদস্য। গত ডিসেম্বরে পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে তিনি মেয়র নির্বাচিত হন।
কমিশন সচিবালয় সূত্র বলেছে, গত ৩১ মার্চ দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে শ্রীবর্দীর কাকিলাকুড়া ইউনিয়নের খামারদহেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনা শেষে মেয়র-সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর লোকজন প্রিসাইডিং ও অন্যান্য ভোট গ্রহণ কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে ইউএনও হাবিবা শারমীন কর্মকর্তাদের উদ্ধার করতে কেন্দ্রে যান। ব্যালট পেপার ও ব্যালট বাক্স নিয়ে কেন্দ্র থেকে ফেরার পথে উচ্ছৃঙ্খল লোকজন ইউএনওর গাড়িতে হামলা করে। এতে ইউএনও ও তাঁর গাড়িচালক পিন্টু মিয়া আহত হন। পরে ইউএনওর সঙ্গে থাকা র্যা ব ও পুলিশ সদস্যরা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।