শ্রীমঙ্গলে ব্যবসায়ী উদ্ধার ছয়জন গ্রেপ্তার
ওসমান গনি (৬২) নামের ঢাকার অপহৃত এক ব্যবসায়ীকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে উদ্ধার করেছে র্যাব।
গত বৃহস্পতিবার রাতে শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের মেকানিছড়া পাহাড়ের একটি পরিত্যক্ত ঘর থেকে তাঁকে উদ্ধার করা হয়।
অপহরণের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: ময়মনসিংহের ত্রিশালের লিটন মিয়া, সিলেটের বিমানবন্দর থানার লালবাগের সাব্বির আহমদ ওরফে সুমন, শ্রীমঙ্গলের মোহাজেরাবাদের কালাম মিয়া, পশ্চিম লৈয়ারকুলের লতিফ মিয়া, হরিণছড়া চা-বাগানের অরুণ গড় ও শ্রীমঙ্গল সদর ইউনিয়নের আবু তাহের।
র্যাব-৯ শ্রীমঙ্গল কার্যালয় ও পুলিশ সূত্রে জানা গেছে, অপহৃত ব্যক্তির স্বজনদের অভিযোগের ভিত্তিতে মুঠোফোন ট্র্যাকিং করে অপহরণকারী দলের সদস্য লিটন, সাব্বির ও কালামকে গত বৃহস্পতিবার সিলেট বিমানবন্দর থানা এলাকা থেকে একটি ব্যক্তিগত গাড়িসহ আটক করে র্যাব।
পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে অপহরণের সাত দিন পর ওসমান গনিকে মেকানিছড়ার দুর্গম পাহাড়ি এলাকা থেকে উদ্ধার এবং লতিফ, অরুণ ও তাহেরকে আটক করা হয়।
বৃহস্পতিবার রাতেই ওই ব্যবসায়ীকে তাঁর পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়। আটক ব্যক্তিদের শ্রীমঙ্গল থানায় সোপর্দ করেছে র্যা ব। ওসমান গনি জমির ব্যবসা করেন।
শ্রীমঙ্গল থানায় দায়ের করা মামলা সূত্রে জানা যায়, ওসমান গনির গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে।
তিনি ঢাকার উত্তরায় বাস করেন। শ্রীমঙ্গলে জমি কিনে দেওয়া এবং জমি দেখানোর কথা বলে ১২ মার্চ মুঠোফোনে খবর দিয়ে তাঁকে শ্রীমঙ্গলে নিয়ে আসে অপহরণকারীরা। পরে শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডে শ্যামলী বাস কাউন্টারের পাশে একটি জমি দেখানো হয়।
এরপর জমির মালিকের সঙ্গে দেখা করার কথা বলে একটি ব্যক্তিগত গাড়িতে তুলে তাঁকে অজ্ঞাত স্থানে নিয়ে আটক করা হয়। এরপর অপহরণকারীরা ব্যবসায়ীর পরিবারের কাছে ২০ কোটি টাকা মুক্তিপণ দাবি করে। পরিবারের পক্ষ থেকে বিকাশের অ্যাকাউন্টে ১ লাখ ১০ হাজার টাকা অপহরণকারীদের দেওয়া হয়েছে। এ ঘটনায় ব্যবসায়ী ওসমান গনি বাদী হয়ে ১১ জনকে আসামি করে মামলা করেছেন।
শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) কে এম নজরুল ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল শুক্রবার বলেন, ‘আসামিদের আদালতে চালান দিয়ে রিমান্ড চাওয়া হয়েছে।’