শ্রীমঙ্গলে সোনালী ব্যাংকের ভল্ট ভাঙার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সোনালী ব্যাংকের ভল্ট (কোষাগার) ভেঙে অর্থ লুটের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। তবে ভল্ট ভাঙতে না পারায় তারা কিছু নিতে পারেনি।

আজ সোমবার ভোরে শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ সড়কের সোনালী মার্কেটের তিনতলা ভবনের দোতলায় অবস্থিত সোনালী ব্যাংক শ্রীমঙ্গল শাখায় এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও সোনালী ব্যাংক সূত্র জানায়, ধারণা করা হচ্ছে ভোররাতে ভবনের পূর্বদিকের একটি জানালার গ্রিল ভেঙে দুর্বৃত্তরা ব্যাংকের ভেতরে ঢোকে। এরপর তারা ভল্ট ভাঙার চেষ্টা করে। তবে ভল্ট ভাঙতে না পেরে দুর্বৃত্তরা কোনো কিছু না নিয়েই চলে যায়। ব্যাংকের ঝাড়ুদার প্রাণেশ দেবনাথ সকাল সাড়ে নয়টার দিকে ব্যাংকে গিয়ে গ্রিল ভাঙা দেখে ব্যবস্থাপককে ঘটনাটি জানান। এই ঘটনায় ব্যাংকের ব্যবস্থাপক আশীষ দেব রায় শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সোনালী ব্যাংক শ্রীমঙ্গল শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা শাহেদ আহমদ চৌধুরী প্রথম আলোকে জানান, সোনালী ব্যাংক, স্থানীয় প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল জলিল বলেন, ‘ঘটনাস্থলে গিয়েছিলাম। জানালার গ্রিল ভাঙছে। তবে কিছু করতে পারে নাই।’