শ্রেণি প্রতিনিধি হওয়া নিয়ে দ্বন্দ্ব কিল-ঘুষি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের প্রথম বর্ষের শ্রেণি প্রতিনিধি হওয়া নিয়ে গতকাল সোমবার দুই ছাত্রের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এর জেরে বিশ্ববিদ্যালয়ের জব্বার মোড়ে দুই পক্ষের কিল-ঘুষির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কৃষি অনুষদের ডি সেকশনের শ্রেণি প্রতিনিধি হতে ইচ্ছুক সম্রাট আকবর ও আসিফ ইকবালের মধ্যে করিম ভবনসংলগ্ন এলাকায় বাগ্বিতণ্ডা হয়। সম্রাট আকবর শহীদ শামসুল হক হল ও আসিফ ইকবাল বঙ্গবন্ধু শেখ মুজিব হলের আবাসিক ছাত্র। বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে সম্রাটকে ডেকে নিয়ে জব্বার মোড় এলাকায় আসিফ ও তাঁর সঙ্গীরা হুমকি-ধমকি দেন। বেলা তিনটার দিকে সম্রাট কয়েকজন সঙ্গী নিয়ে একই এলাকায় আসিফ ও তাঁর সঙ্গীদের ডেকে নেন। সেখানে দুই পক্ষের মধ্যে কিল-ঘুষির ঘটনা ঘটে।
তবে জানতে চাইলে সম্রাট ও আসিফ বিষয়টি এড়িয়ে যান। ভারপ্রাপ্ত প্রক্টর মোহাম্মদ আল-মামুন বলেন, দুই ছাত্রকে ডেকে বিষয়টি মীমাংসা ও সতর্ক করে দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে এ ধরনের ঘটনা ঘটলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।