শ্রেণিকক্ষ থেকে টেনে নিয়ে শিশুকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপায় নাইমুর রহমান নামে (৯) তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে তুলে নিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ পাওয়া গেছে। নাইমুর গলাচিপা পৌরসভার রতনদী পল্লী উন্নয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।
বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, তুচ্ছ ঘটনার জের ধরে গলাচিপা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কলেজপাড়ার বাসিন্দা মো. আবু গত বুধবার দুপুরে এ ঘটনা ঘটান। ঘটনার পরপরই আহত নাইমুরকে চিকিৎসার জন্য গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক প্রথম আলোকে জানান, বুধবার বেলা একটার দিকে মো. আবু শ্রেণিকক্ষে ঢুকে নাইমুরকে তুলে মাঠে নিয়ে যান। এ সময় শিক্ষকেরা বাধা দিলে তিনি তাঁদের ধাক্কা দিয়ে ফেলে দেন। এরপর নাইমুরকে মাঠে ফেলে বেধড়ক মারধর করেন। শিশুটিকে সেখানে ফেলে রেখে তিনি দ্রুত ঘটনাস্থল থেকে সরে যান।
নাইমুরের বাবা গলাচিপা পৌরসভার শেরেবাংলা রোডের বাসিন্দা মো. জাকির হোসেন বলেন, ‘আমি জানি না কেন শ্রেণিকক্ষ থেকে তুলে নিয়ে আমার ছেলেটিকে এভাবে মারা হলো। এ ঘটনায় আমি বুধবার রাতেই গলাচিপা থানায় লিখিত অভিযোগ করেছি। কিন্তু বৃহস্পতিবার দুপুর পর্যন্ত পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম শাহীন বলেন, ‘নাইমুরকে মারধরের ঘটনার পর বৃহস্পতিবার বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি এক-তৃতীয়াংশে নেমে এসেছে। আমরা এ ঘটনায় গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছি।’
জানতে চাইলে মো. আবু মুঠোফোনে বলেন, ‘আমার মেয়ে ওই বিদ্যালয়ের ছাত্রী। বিদ্যালয়ে গেলে প্রায় প্রতিদিন নাইমুর আমার মেয়েকে মারধর করে। এসব বিষয়ে বিদ্যালয়ের শিক্ষকদের কাছে নালিশ করে কোনো ফল পাইনি। তাই আমি স্কুলে গিয়ে ওকে দুটি চড় দিয়েছি। বেধড়ক মারধরের অভিযোগ সঠিক না।’
গলাচিপা থানার ওসি শিশির কুমার পাল প্রথম আলোকে বলেন, ‘শিশু নাইমুরকে নির্যাতনের ঘটনায় করা অভিযোগটি আমরা সাধারণ ডায়েরিভুক্ত করেছি। অভিযুক্ত মো. আবুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
এ প্রসঙ্গে গলাচিপা ইউএনও মাহবুব আলম বলেন, ‘এটি সাধারণ ডায়েরিভুক্ত করার বিষয় নয়। এ ঘটনায় সরাসরি মামলা নেওয়া উচিত।’