শ্রেণিকক্ষ থেকে হাত-পা বাঁধা ছাত্রীকে উদ্ধার
বিদ্যালয়ের পাঠদান শুরু হতে আর মাত্র ১৫ মিনিট বাকি তখন। ততক্ষণে শিক্ষক-শিক্ষার্থীদের প্রায় সবাই বিদ্যালয়ে এসে গেছেন। এমন সময় অচেতন অবস্থায় একটি শ্রেণিকক্ষে পাওয়া গেল হাত-পা ও মুখ বাঁধা বিদ্যালয়েরই এক ছাত্রীকে। ঢাকার ধামরাইয়ের রামরাবণ এলাকার একটি বিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার এই ঘটনা ঘটে।
মেয়েটি ওই বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সাইফুল ইসলামসহ আরও কয়েকজন শিক্ষার্থী বলে, বিদ্যালয়ের পূর্ব দিকের নিচতলার একটি শ্রেণিকক্ষের মেঝেতে অচেতন অবস্থায় মেয়েটিকে পড়ে থাকতে দেখে তারা। রশি দিয়ে হাত-পা ও রুমাল দিয়ে মুখ বাঁধা ছিল। এরপর তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকদের বিষয়টি জানায়। শিক্ষক-শিক্ষার্থীরা ওই কক্ষ থেকে তাকে উদ্ধার করে স্থানীয় জনকল্যাণ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কিছু সময় চিকিৎসা দেওয়ার পরও জ্ঞান ফিরে না এলে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সন্ধ্যায় তার জ্ঞান ফেরে।
মেয়েটি জানায়, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে সে বিদ্যালয়ে যায়। এরপর দ্বিতীয় তলায় তাদের শ্রেণিকক্ষে স্কুলব্যাগ রেখে বিদ্যালয়ের নলকূপ থেকে পানি পান করার জন্য নিচে নামে। এ সময় কালো রঙের প্যান্ট ও শার্ট পরা এক যুবক এক শিক্ষকের কথা বলে তার হাতে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বই দেন। এর কয়েক সেকেন্ডের মধ্যেই সে অচেতন হয়ে পড়ে। এরপর তার আর কিছুই মনে নেই। ওই যুবককে সে আগে কখনো দেখেনি বলেও জানিয়েছে।
মেয়েটির মা বলেন, স্কুলের দপ্তরি আবদুল মজিদের কাছ থেকে খবর পেয়ে স্বজনদের নিয়ে বেলা ১১টার দিকে জনকল্যাণ হাসপাতালে গিয়ে মেয়েকে অচেতন অবস্থায় দেখতে পান। সেখানে যাওয়ার পর তাঁরা জানতে পারেন, হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় তাঁর মেয়ে একটি শ্রেণিকক্ষে পড়ে ছিল। তিনি অভিযোগ করেন, তাঁর মেয়েকে ধর্ষণের উদ্দেশ্যেই কেউ এ কাজ করেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাত্রছাত্রীদের কাছ থেকে জানার পর অন্য শিক্ষকদের নিয়ে তিনি হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
জানতে চাইলে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, মেয়েটির সঙ্গে একই এলাকার মনির নামের এক যুবকের সম্পর্ক ছিল বলে জানা গেছে। সম্প্রতি মেয়েটির বিয়ে ঠিক হওয়ায় ক্ষুব্ধ হয়ে মনির এ কাজ করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।