শ্রেণিকক্ষে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা!
নোয়াখালীর সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এবার অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। একই সময় বিদ্যালয়ের সামনের টিউবওয়েলও ভেঙে দেওয়া হয়। গতকাল বুধবার ভোরে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন প্রধান শিক্ষক।
প্রধান শিক্ষক শামীম আরা বেগম প্রথম আলোকে বলেন, গতকাল ভোর পাঁচটার দিকে বিদ্যালয়ের দপ্তরি-কাম নৈশপ্রহরী কর্মস্থল থেকে বাড়িতে যান। সকাল সাতটার দিকে তিনি ফিরে এসে দেখেন বিদ্যালয়ের সামনের টিউবওয়েলটি ভেঙে ফেলা হয়েছে।
এরপর সকাল নয়টার কিছুক্ষণ আগে তিনি বিদ্যালয়ে গেলে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা তাঁকে জানায় তাদের শ্রেণিকক্ষে আগুন জ্বলছে। তাৎক্ষণিকভাবে তিনি দপ্তরি ও শিক্ষার্থীদের সহায়তায় আগুন নেভান। এতে বিদ্যালয়টি বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পায়। পরে তিনি বিষয়টি অন্য শিক্ষকদের এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন।
শামীম আরা অভিযোগ করেন, এর আগে গত জুন মাসে বিদ্যালয়টিতে তৎকালীন সভাপতির পছন্দের প্রার্থীকে দপ্তরি পদে নিয়োগ না করার জের ধরে বিদ্যালয়ের শৌচাগার ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিদ্যুৎ-সংযোগ কেটে দেওয়ার ঘটনা ঘটে।
শামীম আরা বলেন, ওই সব ঘটনায় তিনি তৎকালীন সভাপতি জসিম উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ জসিম উদ্দিনকে গ্রেপ্তার করলেও বাকি আসামিদের গ্রেপ্তার করেনি। যার দরুন এখন নতুন করে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে।
শামীম আরা বলেন, গতকাল অগ্নিসংযোগ ও টিউবওয়েল ভাঙচুরের ঘটনাটি তিনি তাৎক্ষণিকভাবে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করেন। শিক্ষা কর্মকর্তা বিষয়টি সম্পর্কে থানায় সাধারণ ডায়েরি করে তাঁর সঙ্গে দেখা করতে বলেন। তিনি অভিযোগ করেন, সাধারণ ডায়েরি করার জন্য তিনি সুধারাম থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) না পেয়ে বিষয়টি সদর সার্কেলের সহকারী পুলিশ সুপারকে জানান। পরে আবার ওসির মুঠোফোনে ফোন দিলে তিনি তাঁর (প্রধান শিক্ষক) সঙ্গে দুর্ব্যবহার করেন।
জানতে চাইলে প্রধান শিক্ষকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ অস্বীকার করেন সুধারাম থানার (ওসি) মোশারফ হোসেন তরফদার। প্রথম আলোকে তিনি বলেন, ‘প্রধান শিক্ষক থানায় না এসেও আমার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেছেন বলে মিথ্যা কথা বলেছেন। আমি তাঁকে মিথ্যা কথা না বলতে বলেছি।’
উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজা খান ইউছুফজী বলেন, ‘বিদ্যালয়ের শ্রেণিকক্ষে অগ্নিসংযোগ ও টিউবওয়েল ভাঙচুরের কথা প্রধান শিক্ষক জানিয়েছেন। আমি ঘটনার বিষয়ে সাধারণ ডায়েরি করে দেখা করতে বলেছি। বিকেল পর্যন্ত প্রধান শিক্ষক আসেননি।’
জেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন ছিদ্দিকী প্রথম আলোকে বলেন, বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।