শ্রেণিকক্ষে ঢুকে চার শিক্ষার্থীকে মারধর
বরগুনায় প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে চার শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার এবং দুই শিক্ষার্থীকে শৌচাগারে আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার দুপুরে ওই ঘটনা ঘটে।
সদর উপজেলার ছোট লবণগোলা মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার নাথ ওই শিক্ষার্থীদের মারধর করেন। গুরুতর আহত চার শিক্ষার্থীকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
এ ঘটনায় গতকাল বুধবার সকালে বিদ্যালয়ের সামনে শিক্ষার্থী ও অভিভাবকেরা প্রধান শিক্ষক দিলীপ নাথের বিচার দাবি করে মানববন্ধন করেন এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। একই ঘটনায় মঙ্গলবার রাতে ছোট লবণগোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মিজানুর রহমান বরগুনা থানায় একটি লিখিত অভিযোগ দেন।
সহকারী শিক্ষক মঞ্জু রানী ও আহত শিক্ষার্থীরা জানায়, মঙ্গলবার দুপুরে ছোট লবণগোলা মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার নাথের মোটরসাইকেলের পেছনের নির্দেশক বাতি কে বা কারা ভেঙে ফেলে। এ বাতি ভাঙার অভিযোগে তিনি উত্তেজিত হয়ে পাশের লবণগোলা মাধ্যমিক বিদ্যালয়ে আসেন। এ সময় ষষ্ঠ শ্রেণির কক্ষে তথ্যপ্রযুক্তি বিষয়ের পাঠদান চলছিল। দিলীপ কুমার সেখানে ঢুকে শিক্ষার্থী লিমন ও ঈসাকে জামার কলার ধরে শ্রেণিকক্ষের বাইরে নিয়ে বেধড়ক চড়-ঘুষি ও লাঠিপেটা করেন। এরপর তাদের পাশের শৌচাগারে আটকে রাখা হয়। আবার তিনি শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থী কিবরিয়া ও সপ্তম শ্রেণি থেকে শিক্ষার্থী রাকিবকে বের করে একইভাবে পেটান।
বরগুনা জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এস এম মাসুম বিল্লাহ জানান, লিমন ও রাকিবের হাত গুরুতর জখম হয়েছে। তবে ভেঙেছে কি না তা এক্স-রে করার পর নিশ্চিত হওয়া যাবে।
অভিযোগের বিষয়ে দিলীপ কুমার নাথ গতকাল বুধবার বলেন, ‘আমার ছাত্র হিসেবে ওদের সামান্য চড় দিয়েছি। ঘটনার পর আমি বিষয়টি ফোনে বরগুনা জেলা পরিষদের প্রশাসক ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানিয়েছি। তাঁরা বিষয়টি মীমাংসা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন।’
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা নিচ্ছি।’