শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রীকে মারধরের অভিযোগ
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গতকাল বৃহস্পতিবার শ্রেণিকক্ষে ঢুকে দশম শ্রেণির এক ছাত্রীকে একই বিদ্যালয়ের এক এসএসসি পরীক্ষার্থী মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। বিদ্যালয় চলার সময় গতকাল লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের একটি স্কুল অ্যান্ড কলেজে এই ঘটনা ঘটে।
এদিকে ওই ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ এনামুল কবির ভ্রাম্যমাণ আদালত বসিয়ে গতকাল সন্ধ্যায় ওই ছাত্রকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন।
ওই স্কুল অ্যান্ড কলেজ ও কয়েকজন প্রত্যক্ষদর্শী ছাত্রছাত্রী সূত্রে জানা গেছে, ছাত্রটি এ বছর দশম শ্রেণিতে ওঠা ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিচ্ছিল। ছাত্রীটি রাজি না হওয়ায় প্রায় সময় রাস্তাঘাটে পথ আটকে গালাগাল করত সে। গতকাল বিদ্যালয় চলার সময় বিদ্যালয় মাঠে ওই ছাত্রীকে ডাক দেয় ওই ছাত্র। এতে ছাত্রীটি সাড়া না দিয়ে শ্রেণিকক্ষে চলে যায়। পরে ওই ছাত্র শ্রেণিকক্ষে ঢুকে উপস্থিত ছাত্রছাত্রীদের সামনে ওই ছাত্রীকে চড়-থাপ্পড় দেয়। এ সময় ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাবে সাড়া না দিলে মেরে ফেলবে বলে হুমকি দিয়ে দ্রুত শ্রেণিকক্ষ ত্যাগ করে সে।
মারধরের শিকার ওই ছাত্রী বলে, ‘ওই ছাত্র আমাকে দীর্ঘদিন ধরে নানাভাবে হয়রানি করছে। আজ সে আমাকে ক্লাসের মধ্যে সবার সামনে মারধরের পর মেরে ফেলার হুমকি দিয়ে চলে গেল। তাই বিষয়টি আমি তাৎক্ষণিকভাবে স্কুলের প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকদের জানিয়েছি। স্যাররা তাকে নোটিশ দিয়ে ডেকে দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন বলে আমাকে জানিয়েছেন।’
ওই ছাত্রীর বাবা গতকাল বিকেলে বলেন, ‘শ্রেণিকক্ষে ঢুকে আমার মেয়েকে একটি ছেলে মারধর করে পালিয়ে গেল। অথচ বিদ্যালয়ের শিক্ষকেরা তাকে আটকাতে পারল না। আমি অসুস্থ মেয়েকে চিকিৎসা দেওয়ার পর এ ব্যাপারে আইনের আশ্রয় নেব।’
এ বিষয়ে জানতে ওই স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষকের মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি তা ধরেননি।
পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিউল আলম বলেন, এর আগেও ওই ছাত্রীকে ওই ছাত্র একাধিকবার উত্ত্যক্ত করে। এ ঘটনায় শিক্ষকেরা তার বিচারও করেন। গতকালের ঘটনার পর স্থানীয় লোকজন তাকে ধরে ইউপি কার্যালয়ে নিয়ে আসেন। খবর পেয়ে সন্ধ্যায় ইউএনও সৈয়দ এনামুল কবির এসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক মাসের কারাদণ্ড দেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউএনও সৈয়দ এনামুল কবির গতকাল রাত পৌনে নয়টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এক মাসের কারাদণ্ড দেওয়ার পর ওই ছাত্রকে পুলিশে সোপর্দ করা হয়েছে।